ফের ক্ষমতায় এলে ভুল জলের বিল মুকুব, নির্বাচন নিয়ে বড় ঘোষণা কেজরিওয়ালের
প্রায় দোরগোড়ায় দিল্লিতে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারির শেষের দিকেই হয়তো দিল্লিতে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে লেগেছে বিজেপি আপ কংগ্রেস সহ সব দল। প্রায় প্রতিদিনই বিভিন্ন জনসভা থেকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
এইবার ভোটে জিতে ক্ষমতায় এলে ভুল জলের বিল মুকুব করে দেওয়া হবে। দিল্লিবাসীর উদ্দেশে বড় ঘোষণা করে ফেললেন কেজরি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান শাসকদলের প্রধান মুখ অরবিন্দ কেজরিওয়াল শনিবার এক জনসভা থেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সব বাসিন্দা ভুল জলের বিল পেয়েছেন তাদের সেই টাকা দিতে হবে না। তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচনের পরে এই ভুল বিলগুলি মুকুব করে দেওয়া হবে। শুধু তাই নয়, তিনি আরও বলেন, দিল্লিতে বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পরিমাণমতো ত্রাণের ব্যবস্থা করবে আম আদমি পার্টি।

পাশাপাশি তিনি উল্লেখ করেন, দিল্লিতে প্রায় ১২ লক্ষ বাসিন্দা বিনামূল্যে পানীয় জল পরিষেবা পেয়ে থাকেন। কিন্তু ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যে সময় তিনি জেলবন্দী ছিলেন সেই সময় বহু বাসিন্দাদের কাছে হাজার বা দু হাজার টাকা করে জলের বিল পাঠানো হয়, আর যা সর্বত ভাবে ভুল! এই ভুল জলের বিল পেয়ে মহা ফ্যাসাদে পড়েছেন বহু বাসিন্দা। কিন্তু পুনরায় আম আদমি পার্টি ভোটে জিতে দিল্লির ক্ষমতায় এলে সেই সব ভুল বিল মকুব করে দেওয়া হবে।
পাশাপাশি এদিন তিনি সরাসরি বিজেপি এবং কংগ্রেসকে নিশানা করেন। আপ কে পরাস্ত করতে গুপ্তভাবে হাত মিলিয়েছে কংগ্রেস এবং বিজেপি, পিছনের দরজা দিয়ে নয় ক্ষমতা থাকলে সামনাসামনি লড়ুন, বিরোধীদের এক কথায় হুঁশিয়ারি দেন আপ প্রধান। তিনি আরও বলেন, জনসমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications