কোউইন অ্যাপ হ্যাক করা সম্ভব নয়, দাবি ভিত্তিহীন, স্পষ্ট জানাল কেন্দ্র
কোউইন অ্যাপ হ্যাক করা সম্ভব নয়
কোউইন অ্যাপের কোনও তথ্যই হ্যাক করা হয়নি বলে বৃহস্পতিবার দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোউইন অ্যাপের তথ্য হ্যাকের খবর সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলেও জানিয়েছে মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রক জানায়, কোউইন স্টোরে টিকাকরণের তথ্য সম্পূর্ণভাবে সুরক্ষিত ও নিরাপদ ডিজিটাল পরিবেশে রয়েছে।

বৃহস্পতিবার একটি রিপোর্ট চাউর হওয়ার পর গোটা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিপোর্টে দাবি করা হয়েছে যে ১৫ কোটি গ্রাহকের তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়ে তা বিক্রি করছে বাইরের পার্টির কাছে। স্বাস্থ্য মন্ত্রক এ প্রসঙ্গে জানায় বৈদ্যুতিন এবং প্রযুক্তি মন্ত্রকের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এর সঙ্গে মন্ত্রক আরও বলে, 'কোউইনের কোনও তথ্যই বাইরে কারোর সঙ্গে শেয়ার করা হয়নি।’ মন্ত্রক তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলে, 'কিছু সংবাদমাধ্যম এ ধরনের অসত্য তথ্য শেয়ার করেছে যে কোউইন প্ল্যাটফর্ম হ্যাক হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এই রিপোর্ট ভুয়ো। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ভ্যাকসিন প্রশাসনের ক্ষমতায়িত গোষ্ঠী এই বিষয়টি তদন্তের জন্য বৈদ্যুতিন এবং প্রযুক্তি মন্ত্রকের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমকে দায়িত্ব দিয়েছে।’
ভ্যাকসিন প্রশাসনের (কোউইন) ক্ষমতায়িত দলের চেয়ারম্যান আর এস শর্মা এ প্রসঙ্গে বলেন, 'গ্রাহকদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার যে খবর এসেছে তা ভিত্তিহীন। এ ধরনের ভুয়ো খবর ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করা হচ্ছে। কোউইন অ্যাপে গ্রাহকদের তথ্য সম্পূর্ণভাবে সুরক্ষিত।’
গতমাসেই কেন্দ্রের পক্ষ থেকে কোউইন অ্যাপকে সুরক্ষিত ঘোষণা করে জানানো হয় যে এই অ্যাপ হ্যাক করা যাবে না। এই অ্যাপ অত্যন্ত নিরাপদ এবং সুরক্ষিত। টিকা সংক্রান্ত তথ্যই হোক বা গ্রাহকদের কোনও তথ্য, কোনও কিছুই অসুরক্ষিত নয়। এই অ্যাপ হ্যাক করা সম্ভব নয়। কারণ এই অ্যাপের ওটিপি ও ক্যাপচা কোড কোনওভাবেই অন্য কারোর হাতে যাওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, বহুদিন ধরেই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনের পরও স্লট নিয়ে সমস্যা দেখা দেওয়ায় অভিযোগ করেন বহু গ্রাহক। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে কেন্দ্র সরকার।












Click it and Unblock the Notifications