উত্তর প্রদেশ ও বিহারে একদিনে বাজ পড়ে মৃত্যু ১০০ জনের বেশি
উত্তর প্রদেশ ও বিহারে একদিনে বাজ পড়ে মৃত্যু ১০০ জনের বেশি
বৃহস্পতিবার বিহার ও উত্তর প্রদেশে বর্ষার ভারী বৃষ্টির কারণে বজ্র–বিদ্যুতে মারা গিয়েছে ১০০ জনের বেশি মানুষ। যার মধ্যে অধিকাংশই কৃষক ও শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন। বৃহস্পতিবার এই দুই রাজ্যে ক্রমাগত বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।

২০ জন মারা গিয়েছে উত্তর প্রদেশে
উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বাজ পড়ে প্রায় ২০ জন মানুষ মারা গিয়েছেন এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন। জানা গিয়েছে, গোরখপুরের বস্তি ডিভিশনে বাজ পড়ে ১৩ জন মানুষ নিহত হয়েছে, প্রয়াগরাজ ও আম্বেদকরনগর থেকে চার ও তিনজনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি ১৩-১৪ জন মানুষ বাজ পড়ায় আহত হয়েছেন। সিদ্ধার্থনগর এলাকা থেকে তিনজন ও গোরখপুর ডিভিশনের কুশিনগর এলাকা থেকে একজনের মৃত্যু হয়েছে।

উত্তর প্রদেশে বৃষ্টি হয়েছে ৩৩.৪ মিমি
জানা গিয়েছে, বৃহস্পতিবার যখন বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হচ্ছিল তখন অধিকাংশ কৃষক ও শ্রমিকরা ধানক্ষেতে কাজ করছিলেন। সরকারিভাবে জানা গিয়েছে, উত্তর প্রদেশের পূর্ব, মধ্য ও পশ্চিম অঞ্চলের কয়েকটি জায়গায় গড়ে ৩৩.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৮ জুন পর্যন্ত এ রাজ্যের পূর্ব ও পশ্চিম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিহারে ৮৮ জনের মৃত্যু
বজ্রপাতের কারণে বিহারে মৃত্যু হয়েছে ৮৮ জনের। যার মধ্যে সবচেয়ে বেশি গোপালগঞ্জ জেলায় ১৩ জন, মধুবনী ও নাওয়াদা জেলা থেকে ৮ জন করে, ভাগলপুর ও সিওয়ান থেকে ছ'জন করে এবং পূর্ব চম্পারান, দ্বারভাঙা ও বাঁকা থেকে পাঁচজন করে মারা গিয়েছে বজ্রপাতে। এছাড়াও খাগারিয়া, পশ্চিম চম্পারেন, সমস্তিপুর, শেওহার, কিষাণগঞ্জ, সারান, জেহনাবাদ, সীতামারি, জামুই, পুর্ণিয়া, সুপল, ঔরঙ্গাবাদ, বক্সার, মাধেপুর ও কাইমুর থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেছেন।

আবহাওয়া দপ্তরের সতর্কতা
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায়, বিশেষ করে যে সব জেলা নেপাল সীমান্তের কাছে রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান সচিব প্রত্যয় অমৃত জানিয়েছেন, রাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা জেলাগুলিকে করা হয়েছে।












Click it and Unblock the Notifications