ত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয় বিধানসভা নির্বাচনে BJP-র লড়াই জোটসঙ্গীর সঙ্গেও! কোথায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলি
উত্তর-পূর্বে যে তিন রাজ্যে এবার বিধানসভা নির্বাচন হচ্ছে, সেই তিন রাজ্যের কোথা বিজেপি সরাসরি ক্ষমতায় রয়েছে আবার কোথাও জোটসঙ্গীর সঙ্গে ক্ষমতা ভাগ করে নিচ্ছে।
এই মাসেই উত্তর-পূর্বের তিন রাজ্যে নির্বাচন। এর মধ্যে ত্রিপুরায় বিজেপির লড়াই বাম-কংগ্রেসের মিলিত শক্তির সঙ্গে। এছাড়াও তিপ্রা মোথার বিরুদ্ধেও গেরুয়া শিবিরকে লড়াই করতে হচ্ছে সেখানে। অন্যদিকে মেঘালয়ে বিজেপি লড়াই করছে জোটসঙ্গীর বিরুদ্ধে।

ত্রিপুরার পরিস্থিতি
ত্রিপুরায় এবার বিজেপির কাছে চ্যালেঞ্জের বাম-কংগ্রেসের আসন সমঝোতা। সঙ্গে রয়েছে তিপ্রা মোথার মতো দলের চ্যালেঞ্জ। বিজেপি ও আইপিএফটি সেখানকার ৬০ টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে বাম-কংগ্রেস যথাক্রমে ৪৬ ও ১৩ টি আসনে সমঝোতা করেছে। একটি আসনে লড়াই করছে নির্দল প্রার্থী। তিপ্রা মোথা উপজাতি অধ্যুষিত ২০ আসন ছাড়াও আরও ২২ টি আসনে প্রার্থী দিয়েছে। তাদের দাবি বৃহত্তর তিপ্রাল্যান্ড। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিপ্রা মোথার লড়াইয়ে শাসকের উপজাতি ভোটে ভাঙন ধরার সম্ভাবনা। বিজেপির অবশ্য দাবি তারা এবার আগের বারের থেকেও বেশি আসনে জয় পাবে। সংখ্যাটা ৪৫ হতে পারে বলেও দাবি তাদের। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার বাম-কংগ্রেসের আসন সমঝোতাকে উপেক্ষা করা যাবে না। কারণ ২০১৮ সালে তারা মাত্র ১৬ টি আসনে জয় পেলেও বিজেপির সঙ্গে ভোটের পার্থক্য ছিল মাত্র ১.৩ শতাংশের। তবে তিপ্রা মোথা যে ভোটের পরে কিং মেকারের ভূমিকা পালন করতে পারে, তা মেনে নিচ্ছেন অনেকেই।

ত্রিপুরায় অমিত শাহের প্রচার
উত্তর-পূর্বের যে তিন রাজ্যে এইমাসে নির্বাচন হচ্ছে, তার মধ্যে ত্রিপুরাই বিজেপির কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জের। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার একাধিক সভা করেছেন সেখানে। সেখানে তিনি অভিযোগ করেছেন, তিপ্রা মোথার সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেসের গোপন আঁতাত রয়েছে। এই তিন দলকে তিনি দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন।

মেঘালয়ের পরিস্থিতি
মেঘালয়ে ২০১৮ সালে বিজেপির সমর্থন নিয়ে সরকার তৈরি করে কনরাড সাংমার ন্যাশনাল পিপিলস পার্টি বা এনপিপি। এবার এনপিপি একাই লড়াই করছে এবং ৬০ টির মধ্যে ৫৮ টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে বিজেপি এই লড়াইকে বন্ধুত্বপূর্ণ বলেছে। গেরুয়া শিবির বলছে ভোট পরবর্তী বিকল্প খোলা হয়েছে। কেননা রাজ্যে প্রধান প্রতিপক্ষ তৃণমূল। ২০১৮-তে রাজ্যে কংগ্রেস বিরোধীদলের ভূমিকায় থাকলেও, তা ভাঙিয়ে কখনও বিজেপি আবার কখনও তৃণমূল ভারি হয়েছে।
তবে বেশ কিছু বিষয় নিয়ে বিজেপির সঙ্গে এনপিপির মত-পার্থক্য রয়েছে। এর মধ্যে রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন, ইউনিফর্ম সিভিল কোড, সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন এবং বিজেপি নেতার গ্রেফতারিও। এনপিপি মনে করে বিজেপির মতো জাতীয় দল আঞ্চলিক দলগুলিকে শেষ করে দিতে পারে।

নাগাল্যান্ডের পরিস্থিতি
নাগাল্যান্ডে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টি বিজেপির সঙ্গে জোট করে এবারের নির্বাচনে লড়াই করছে। এই জোট এবার ২০১৮-র থেকে ফল ভাল করার দাবি করেছে। এরই মধ্যে বিজেপি দাবি তাদের আসন সংখ্যা এবার ১২ থেকে বেড়ে ১৪ হবে।
গত ২০১৮-র নির্বাচনে নাগা পিপলস ফ্রন্ট একাই ৬০ টির মধ্যে ২৬ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হওয়ার পরেও বিরোধী আসনে বসেছিল। কেননা প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলিয়াং-সহ ২১ জন বিধায়ক
ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছিলেন। এবার ৬০ টি আসনের মধ্যে এনডিপিপি ৪০ টিতে এবং বিজেপি ২০ টি আসনে লড়াই করছে। ১৪ লক্ষ বাসিন্দার রাজ্য নাগাল্যান্ডরে ফের বিভাজনের দাবি উঠলেও, বিজেপি এর তীব্র বিরোধিতা করেছে।












Click it and Unblock the Notifications