এবার বিয়ের সার্টিফিকেট পাবেন অনলাইনেই, চালু হচ্ছে নতুন ব্যবস্থা
বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে যাওয়ার দিন শেষ হতে চলেছে। অনলাইনেই সমস্ত কাজ হয়ে যাবে।
এবার থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে যাওয়ার দিন শেষ হতে চলেছে। অনলাইনেই সমস্ত কাজ হয়ে যাবে। বাড়িতে বসে অনলাইনে আবেদন করার পরে তা প্রিন্টও করে নেওয়া যাবে।

এই ব্যবস্থা চালু হচ্ছে দক্ষিণের রাজ্য কর্ণাটকে। এই রাজ্যের স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন বিভাগ নতুন পোর্টাল চালু করতে চলেছে। সম্পত্তি রেজিস্ট্রেশনের মতো করেই এবার বিবাহের অনলাইন রেজিস্ট্রেশন হবে।
সরকার সূত্রে বলা হয়েছে, এতদিন অনলাইনে আবেদন করে নিজে সশরীরে এসে বিয়ের সার্টিফিকেট নিয়ে যেতে হতো। তবে এবার থেকে নতুন সিস্টেম মোতাবেক বেঙ্গালুরুর বাসিন্দারা বাড়িতে বসেই বিয়ের শংসাপত্র প্রিন্ট করে নিতে পারবেন। এই বছরের শেষে সারা রাজ্যের অন্য জেলাগুলিতে এই ব্যবস্থা চালু করে দেওয়া হবে।
নতুন পোর্টালে সমস্ত সাব রেজিস্ট্রারের অফিসের তথ্য সংগৃহীত থাকবে। বর অথবা কনে একাধিক বিয়ে করতে গেলে তাদের সহজেই চিহ্নিত করা যাবে।
কর্ণাটকে মাত্র ১৫ শতাংশ বিয়ের রেজিস্ট্রেশন করা রয়েছে। বাকী এত বিপুল সংখ্যায় বিয়ে হলেও তা সরকারের খাতায় নথিভুক্ত করা নেই। ফলে আরও বেশি করে মানুষ যাতে বিয়ের রেজিস্ট্রেশন করান সেজন্য প্রচার চালানো হবে। তাছাড়া সুপ্রিম কোর্ট ও জাতীয় আইন কমিশনের এই মর্মে নির্দেশও রয়েছে যাতে বিবাহের রেজিস্ট্রেশন করানো সম্ভব হয়।
কর্ণাটক সরকার সূত্রে খবর, বিয়ের মতো করেই জন্ম ও মৃত্যুর শংসাপত্র অনলাইনে দেওয়ার জন্য নতুন পোর্টাল আনার চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications