উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি, সমাজবাদী পার্টির হয়ে ভোট প্রচারে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা
উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি, সমাজবাদী পার্টির হয়ে ভোট প্রচারে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা
আধুনিক হচ্ছে সমাজ, তৃতীয় লিঙ্গের মানুষের সাবলীল উপস্থিতি এখন নজরে পড়ে বিভিন্ন ক্ষেত্রে৷ এবার উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারেও তৃতীয় লিঙ্গের নেতাদের সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল৷ বিজেপির সোনম কিন্নর এবং সমাজবাদী পার্টির পায়েল কিন্নরের মতো ট্রান্সজেন্ডার নেতারা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও প্রচারের নির্বাচনী পুরোভাগে রয়েছেন।

সোনম কিংবা পায়েলের মতো নেতারা শুধুমাত্র নিজেদের সম্প্রদায়ের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি করছেন৷ সারা রাজ্যে নিজের দলের হয়ে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন সোনমরা৷ সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী উত্তরপ্রদেশে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮ হাজার ৮৫৩ জন। ১৭ নভেম্বর নবগঠিত ইউপি ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের ভাইস-চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন সোনম কিন্নর৷ পদমর্যাদায় রাজ্যের মন্ত্রীর তুল্য এই পদ৷ অন্যদিকে পায়েল, যাকে সমাজবাদী পার্টি কিন্নর মহাসভার রাজ্য সভাপতি করা হয়েছে বেশ কিছুদিন আগে, তিনি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন দলের সমর্থনে।
সম্প্রতি সোনম পিটিআই-কে বলেন, আমি ইতিমধ্যেই নয়ডা, বাহরাইচ, শ্রাবস্তি সহ অন্যান্য জেলাগুলিতে প্রচার করেছি। দলের দেওয়া কর্মসূচি অনুযায়ী প্রচার করেছি আমি৷ বিজেপি যাতে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও সরকার গঠন করে এবং যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসাবে ফিরে আসেন তা নিশ্চিত করার জন্য কাজ করার কথা জানিয়েছেন সোনম। তাঁর বক্তব্য যোগী আবারও মুখ্যমন্ত্রী হলে কিন্নর সম্প্রদায়ের উন্নতি হবে৷ তাদের সম্প্রদায়ের সমস্যাগুলির সমাধান করা হবে৷
অন্যদিকে সমাজবাদী পার্টির হয়ে, বারাণসী, কানপুর, গোন্ডা, গাজিয়াবাদ, সীতাপুর এবং লখিমপুরে প্রচার করছেন পায়েল কিন্নর। পায়েল জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে প্রায় ৪০টি জেলাতে তিনি দলের হয়ে প্রচারে গিয়ে দেখেছেন যে তার কথা শোনার জন্য আসা লোকেদের মনোভাবের পরিবর্তন হয়েছে। ২০০২ সালের বিধানসভা নির্বাচনে লখনউ পশ্চিম থেকে বিজেপি নেতা লালজি ট্যান্ডনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পায়েল। অবশ্য তাঁর দাবি তখনও খুব ভালো সাড়া পেয়েছিলেন তিনি । পায়েল অবশ্য মনে করেন যে সমাজকে কিন্নর সমাজের প্রতি সংবেদনশীল করতে অনেক কিছু করা দরকার। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কিন্নর সমাজকে এখনও নিষিদ্ধ হিসাবে বিবেচনা করা হয়, সম্মান বা যথাযথ আচরণ দেওয়া হয় না। আমি আমার নিজের সম্প্রদায়ের মধ্যেও প্রচার করছি তবে আমাদের কেবল কিন্নরদের মধ্যে নয়, সমগ্র সমাজে একটি স্থান তৈরি করতে হবে। আমি মনে করি সাধারণ মানুষের মধ্যে আমাদের সমাজ সম্পর্কে ভুল ধারণার অবসান ঘটাতে আমার দায়িত্ব রয়েছে।












Click it and Unblock the Notifications