দ্বিতীয় ওয়েভের সময় ভারতে কোভিড–১৯–এ ঠিক কতজনের মৃত্যু হয়েছিল জানেন কি?
ভারতে করোনা ভাইরাসে মৃতদের সংখ্যা নিয়ে বরাবরই বিতর্ক রয়েছে। প্রকৃত সংখ্যা ও সরকারি রিপোর্টের মধ্যে কোথাও মিল খুঁজে পাওয়া যায়নি। সেরকমই একটি গবেষণা বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে সায়েন্স জার্নালে। সেখানে বলা হয়েছে কোভিডে রিপোর্ট হওয়া মৃতের সংখ্যার চেয়ে প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬ গুণ বেশি এবং সেই জার্নালে মৃতের পরিসংখ্যান বলা হয়েছে ৩২ লক্ষ। প্রসঙ্গত, ভারতে মহামারি শুরু হওয়ার পর থেকে কোভিড–১৯–এ মোট মৃত্যু হয়েছে ৪৮৩,১৭৮ জনের।

এপ্রিল–জুনে ৭১ শতাংশ মৃত্যু
জানা গিয়েছে, গত বছর দেশজুড়ে যখন ডেল্টা ওয়েভের মারাত্মক বাড়বাড়ন্ত ছিল সেই সময় এপ্রিল ও জুন মাসে করোনায় মৃত্যু হয়েছিল প্রায় ৭১ শতাংশ বা ২৭ লক্ষ। এমনকী এই গবেষণায় এও দেখা গিয়েছে যে এই সময়ের মধ্যে কোভিড সম্ভবত সর্বজনীন মৃত্যুর হার দ্বিগুণ করেছে (যে কোনও কারণে এই সময়ের মধ্যে মোট মৃত্যু রেকর্ড করা হয়েছে)।

ভারতে ব্যাপক হারে হয়েছে কোভিডে মৃত্যু
গবেষণায় বলা হয়েছে, 'ভারতের সরকারী ক্রমবর্ধমান কোভিড মৃতের সংখ্যা ৪৮০,০০০, যা প্রায় ৩৪৫,০০০,০০০ জনসংখ্যার কোভিড মৃত্যুর হার বোঝায়, যা মার্কিন মৃত্যুর হারের প্রায় এক-সপ্তমাংশ। ভারতের কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে হয়েছে বলেই বিশ্বাস করা হয়, কারণ অনেক মৃত্যুই রিপোর্ট করা হয়নি। অনেক মৃত্যুই করোনায় দীর্ঘস্থায়ী রোগের ফলে হয়েছে আবার কিছু মৃত্যু কোনও চিকিৎসা ছাড়াই গ্রামের দিকে হওয়ায় সেগুলির কোনওটাই রিপোর্ট করা হয়নি।'

গবেষণায় প্রমাণিত
এই গবেষণায় অংশ নিয়েছিলেন ভারত, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা। এই গবেষণার জন্য ১৪০,০০০ জনের জাতীয় প্রতিনিধির মাধ্যমে টেলিফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। সেখানে দেখা গিয়েছে সরকারি স্বাস্থ্য পরিচালনা তথ্য পদ্ধতিতে সরকারি হাসপাতালে মৃতু হয়েছে ২ লক্ষ রোগীর এবং সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের আওতায় থাকা ১০টি রাজ্যের হাসপাতালে মৃত্যুর পরিসংখ্যান সরকারি মৃতের সংখ্যার চেয়ে অর্ধেক। এই তথ্য তখন রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা বিভাগের (ইউএনপিডি) অতিরিক্ত মৃত্যুর হিসাব করার জন্য ২০২০ সালে হওয়া বিভিন্ন কারণে মৃত্যুর অনুমানের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল।

ভারতে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি
এই গবেষণায় বলা হয়েছে, '৩০ লক্ষের কাছাকাছি প্রকৃত মৃত্যু হয়েছে। যা সরকারি মৃত্যুর পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। ২০২১ সালের গরমের সময় ভারতে ২০ লক্ষের কাছাকাছি কোভিডে মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর যা সংখ্যা তার অনেকটাই বহন করছে ভারত।' গবেষণায় এও বলা হয়েছে যে ভারতে প্রকৃত করোনায় মৃত্যুর সংখ্যা সরকারি রিপোর্টের চেয়ে সাত-আটগুণ বেশি। প্রসঙ্গত, গত বছর করোনার দ্বিতীয় ওয়েভের সময় দেশের একাধিক শ্মশান ও সমাধিক্ষেত্রগুলিতে কার্যত দেহ শেষকৃত্যের জন্য জায়গা ছিল না। শ্মশানগুলিতে সার সার করে মৃতদেহ রাখা ছিল, একসঙ্গে একাধিক চিতা জ্বলার দৃশ্যের সাক্ষী থেকেছে দেশবাসী। এই সবকিছু থেকেই অনুমান তীব্র হয় যে ভারতে করোনা ভাইরাসে প্রকৃত মৃতের সংখ্যাটা সরকারি সংখ্যার চেয়ে অনেকটাই বেশি। যার প্রমাণ পাওয়া গিয়েছে দেশের শ্মশান ও সমাধিক্ষেত্রগুলিতে।












Click it and Unblock the Notifications