নির্বাচনী প্রচার থেকে মনোনয়ন জমা, করোনা আবহে বিহার ভোট নিয়ে একগুচ্ছ কড়া নির্দেশিকা কমিশনের
নির্বাচনী প্রচার থেকে মনোনয়ন জমা, করোনা আবহে বিহার ভোট নিয়ে একগুচ্ছ কড়া নির্দেশিকা কমিশনের
করোনা সঙ্কটের মাঝেই চড়ছে বিহারের বিধানসভা নির্বাচনের পারদ। এদিকে নির্বাচনের গত কয়েক সপ্তাহ জুড়েই নীতিশের রাজ্যে একটানা বেড়ে চলেছে করোনা সংক্রমণ। করোনা সঙ্কট না কাটা অবধি বোট প্রক্রিয়া স্থগিত করারা জন্য ইতিমধ্যেই নির্বাচনে কমিশনে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে আরজেডি। এমতাবস্থায় বিহারের ভোট প্রক্রিয়া নিয়ে শুক্রবার নতুন নির্দেশিকা প্রকাশ করতে দেখা গেল নির্বাচন কমিশনকে।

অনলাইনেই মনোনয়ন জমা
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুসারে বাড়ি-বাড়ি ঘুরে প্রচার থেকে শুরু করে ইভিএমের বোতাম টেপা পর্যন্ত- সর্বত্রই ভোটার এবং প্রার্থীকে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। পাশাপাশি অনলাইনেই দিতে হবে মনোনয়োন জমা। কোনো প্রার্থী যদি সশরীরে মনোনয়ন জমা করেন, তা হলে প্রার্থীর সঙ্গে মাত্র দু'জন যেতে পারবেন।

দেওয়া হবে গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার
পাশাপাশি ইভিএম মেশিনে ভোট দিতে যাওয়ার আগে ভোটারদের গ্লাভস দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। এছাড়া ভোটারদের ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার-ও দেওয়া হবে। তাদের সঙ্গে কোনও বাচ্চা এলে তাদের ফেসিয়াল পিপিই কিট দেওয়া হবে বলে খবর। যদিও সংস্পর্শ এড়াতে বর্তমানে করোনা আবহে সকল ভোটারদের জন্যই ব্যালট পেপারের মাধ্যমে ভোটদানে পক্ষে সরব হতে দেখা গেছে আরজেডি-কংগ্রেসকে। অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রেও কড়া অবস্থান নিতে দেখা গেছে কমিশনকে। সূত্রের খবর, নয়া নির্দেশিকা অনুসারে ঘরে ঘরে প্রচারের ক্ষেত্রে প্রার্থীসহ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে পাঁচজনে।

রোড-শোয়ের ক্ষেত্রেও একগুচ্ছ বিধিনিষেধ
এদিকে কোনও রাজনৈতিক দলের রোড শো-এর ক্ষেত্রেও সর্বাধিক পাঁচটির বেশি গাড়ি থাকতে পারবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি বুথের মধ্যে প্রবেশের আগে প্রতিটা ভোটারের তাপমাত্রা মাপা হবে বলে খবর। স্বাস্থমন্ত্রকের নির্ধারিত তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা ধরা পড়লে দ্বিতীয় বার পরীক্ষা করা হবে।

করোনা আক্রান্তদের জন্য বিকল্প পদ্ধতিতে ভোটের ব্যবস্থা
একইসাথে কোভিড-১৯ পজিটিভ রোগীদেরও ভোটগ্রহণের শেষ দিকে ভোট দেওয়ার সুবিধা করে দেওয়া হবে। পাশাপাশি একই সময়ে কোনো পোলিং বুথে এক হাজারের বেশি ভোটারকে থাকতে দেওয়া হবে না বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যেই ভোটের চূড়ান্ত দিনক্ষণ প্রকাশ করা হতে পারে। ভোট হতে পারে অক্টোবর-নভেম্বর মাসে।












Click it and Unblock the Notifications