উত্তর দিল্লিতে মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
সুটকেসের মধ্যে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর দিল্লির বাওয়ানায়। সূত্রের খবর শুক্রবার সকালে বাওয়ানার পুথ গ্রামের বাসস্ট্যান্ডের কাছে একটি সন্দেহজনক সুটকেস পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক পথচারী। ঘটনার খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই গ্রাম সংলগ্ন এলাকায়। এখনও পর্যন্ত ওই মহিলাটির পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

বাওয়ানা থানার এক পুলিশ আধিকারিকের মতে এক পথচারীর কথায় পুলিশ কর্মীরা অকুস্থলে পৌঁছলে দেখা যায় ওই সন্দেহজনক সুটকেসটিকে ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে উত্সাহী জনতার মনে। পুলিশ এসে সুটকেসটি খুলতেই তার মধ্যে থেকে উদ্ধার হয় ৩০ বছর বয়সী এক মহিলার নিথর দেহ।
যদিও রহস্যজনক ভাবে নিহত মহিলার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ। তার জামাকাপড়ও অক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায়। গ্রামবাসীদের অনেকের ধারণা কেউ বা কারা সুপরিকল্পিত মহিলাটিকে হত্যা করে তার সুটকেস ভর্তি লাশ এখানে ফেলে গেছে।
এই হত্যাকাণ্ডের তদন্তের সাপেক্ষে ইতিমধ্যেই একটি বিশেষ ফরেনসিক টিম গঠন করা হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি মহিলাকে শনাক্তকরণেরও কাজ চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে মৃত্যুর কারণ জানতে লাশটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নিকটবর্তী হাসপাতালে। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধি অনুসারে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের মামালা রুজু করে তদন্ত শুরু করেছে বাওয়ানা থানার পুলিশ।












Click it and Unblock the Notifications