চিনের দ্বারা সব থেকে প্রভাবিত! মোদী জমানায় ভারত এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ
চিনের দ্বারা সব থেকে প্রভাবিত! মোদী জমানায় ভারত এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ
নরেন্দ্র মোদীর (Narendra Modi) শাসনে ভারত (India) এশিয়ার (Asia) চতুর্থ বৃহত্তম শক্তি (Fourth most Powerful)। এমনটাই জানাচ্ছে লয়ি ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইনডেক্স। ২০২০-র থেকে ২ পয়েন্ট কমেছে। এশিয়ার অন্য ১৮ টি দেশের মতো ভারতেরও শক্তির নিরিখে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এশিয়ায় কম প্রভাব খাটিয়েছে ভারত
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ইনস্টিটিউটের তরফ থেকে বলা হয়েছে, এশিয়ায় ভারত কম প্রভাব খাটিয়েছে। পাওয়ার গ্যাপ ইনডেক্সে ভারত নেপাল ও শ্রীলঙ্কার পরে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
করোনা মহামারী এবং লকডাউনের কারণে ২০৩০ সালের আর্থিক পূর্বাভাসে ভারত পিছিয়ে পড়লেও ভবিষ্যতের সম্পদের পরিমাপের নিরিখে ভারত রয়েছে আমেরিকা এবং চিনের পরেই। আর্থিক ক্ষমতা, সামরিক ক্ষমতা এবং সাংস্কৃতিক প্রভাবের বিচারে ভারতের স্থান এই মুহূর্তে চতুর্থ।

ভারতের প্রবণতা বিপরীত দিকে
ওই ইনস্টিটিউটের তরফে বলা হয়েছে, দুটি দুর্বল ক্ষমতার কারণে ভারতের প্রবণতা বিপরীত দিকে। এর মধ্যে একটি হল, সামরিক দিক থেকে ভারত এই মুহূর্তে সপ্তমস্থানে রয়েছে। তবে আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে ভারত এগিয়ে রয়েছে। অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার সঙ্গে কূটনীতি চালাচ্ছে ভারত। অন্যদিকে ভারত আর্থিক সম্পর্কের ক্ষেত্রে অষ্টমস্থানে নেমে গিয়েছে। কেননা আঞ্চলিক বাণিজ্যের একীকরণে পিছিয়ে পড়েছে ভারত।

ভারত চিনের দ্বারা প্রভাবিত
এই এলাকায় ভারতের দ্বারা সব থেকে প্রভাবিত দেশ হল নেপাল। আর ভারত চিনের দ্বারা সব থেকে বেশি প্রভাবিত বলে ইনস্টিটিউটের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর পরে রয়েছে আমেরিকা এবং ইউরোপীয়ান ইউনিয়েন।

ভারত সম্পদ ও সম্ভাবনা পুরো ব্যবহারে ব্যর্থ
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে সম্পদ এবং সম্ভাবনা রয়েছে, তা পুরোপুরি ব্যবহার করতে পারেনি। এই অঞ্চলে চিনের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার সঙ্গে লড়াই করতে গলে একদশকেরও বেশি সময় লাগতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। তবে ২০২১-এ ভারত সামরিক ক্ষমতা বাড়ালেও, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি আগের বৃদ্ধির তুলনায় মহামারীর সময়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমান গতিতে চলতে থাকলে, দশকের শেষ নাগাদ চিনের আর্থিক উৎপাদনের মাত্র ৪০ শতাংশে পৌঁছতে পারবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। অর্থনৈতিক কূটনীতিতেও ভারত পিছিয়ে পড়েছে। আর্থিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের স্থান এখন থাইল্যান্ডের পিছনে অষ্টমস্থানে।












Click it and Unblock the Notifications