লোকসভায় বক্তৃতা দিয়ে তুমুল প্রশংসা পাওয়া সাংসদ বাদ! লাদাখে বিজেপির নতুন প্রার্থী তাসি গ্যালসন
লোকসভা নির্বাচনের জন্য মঙ্গলবার বিজেপি আরও একটি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে লাদাখ থেকে নাম রয়েছে তাসি গ্যালসনের। গ্যালসন লেহ-লাদাখ স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা প্রধান নির্বাহী কাউন্সিলর। অর্থাৎ বিজেপি এবার লাদাখ থেকে বর্তমান সাংসদ জামিয়াং সেরিং নামগিয়ালকে বাদ দিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯-এ জামিয়াং সেরিং নামগিয়াল জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল এবং লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাতে গিয়ে লোকসভায় যে বক্তৃতা করেছিলেন, তা ভাইরাল হয়।

জওহরলাল নেহরুকে নিশানা
জামিয়াং সেরিং নামগিয়াল সেই সময় বলেছিলেন, ভারতের ইতিহাসে আজ সেই দিন, যখন পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের করা ভুলগুলো সংশোধন করা হচ্ছে। ১৯৪৮ সালে লাদাখ বৌদ্ধ সমিতির তরফে তাদের এলাকাকে কেন্দ্র শাসিত অঞ্চল করতে কিংবা পূর্ব পঞ্জাব প্রদেশের অংশ করতে অনুরোধ করেছিল। তারা কোনওভাবেই কাশ্মীরের সঙ্গে থাকতে রাজি ছিলেন না। কিন্তু তৎকালীন সরকার সেই আবেদন রাখেনি। জামিয়াং সেরিং নামগিয়াল বলেছিলেন, যেহেতু কাশ্মীরের সঙ্গে ছিলেন, সেই কারণে লাদাখের উন্নয়ন হয়নি।
প্রশংসা করেছিলেন মোদী
পরে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বাতিল এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার বিল নিয়ে তাঁর বক্তৃতার জন্য প্রধানমন্ত্রী মোদী এবং অন্য বিজেপি নেতারা জামিয়াং সেরিং নামগিয়ালের প্রশংসা করেছিলেন।
নামগিয়াল জিতেছিলেন প্রায় ১১ হাজার ভোটে
২০১৯-এর নির্বাচনে জামিয়াং সেরিং নামগিয়াল নির্দল প্রার্থী সাজ্জাদ হোসেনকে প্রায় ১১ হাজার ভোটে হারিয়েছিলেন।
কেন তাসি গ্যালসন প্রার্থী
অন্যদিকে, বিজেপির নতুন প্রার্থী তাসি গ্যালসন পেশায় একজন আইনজীবী বলে জানা গিয়েছে। তিনি লাদাখ আসন বিজেপির দখলে রাখতে জামিয়াং সেরিং নামগিয়ালের থেকে ভাল অবস্থানে রয়েছেন। বলে রাখা ভাল লাদাখের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কারগিলও রয়েছে। লাদাখে দলের মধ্যে ক্ষো তৈরি হয়েছিল, তারপরেই নামগিয়ালকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত লাদাখে নির্বাচন রয়েছে ২০ মে।












Click it and Unblock the Notifications