প্রাথমিক ট্রেন্ডে মেঘালয়ে কয়েকটি আসনে এগিয়ে তৃণমূল, ত্রিপুরা জয়ের পথে বিজেপি জোট
মেঘালয়ে এনপিপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই
তিন রাজ্যের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। মেঘালয় , নাগাল্যান্ড এবং ত্রিপুরা। তিন রাজ্যেই প্রাথমিক ভোট গণনার ট্রেন্ড প্রকাশ্যে আসতে শুরু করেছে। মেঘালয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ত্রিপুরা এবং নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি। আবারও যে এই দুই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে তার ইঙ্গিত মিলেছে। তবে তিপ্রামোথা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে।

মেঘালয়ে তৃণমূল-এনপিপির হাড্ডাহাড্ডি লড়াই
বুথ ফেরত সমীক্ষায় মেঘালয়ে ত্রিশঙ্কু ফলাফলের সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছিল। এদিকে ভোট গণনা শুরু হতেই তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে ১৯ টি আসনে। সময় যত এগোচ্ছে তত এনপিপির সঙ্গে টক্কর বাড়ছে তৃণমূল কংগ্রেসের। এনপিপিও বেশ কয়েকটি আসনে এগিয়ে গিয়েছে। এনপিপি এগিয়ে রয়েছে ১২টি আসনে। বাকিরা ১৬টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।

ত্রিপুরায় বাম-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই
এদিকে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস এখনও তেমন ভাবে এগোতে পারেনি। তবে আশ্চর্যজনক ভাবে বাম-কংগ্রেস জোট অনেকটাই এগিয়ে গিয়েছে। বামেরা ২৩টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ২৪টি আসনে। যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানে। ত্রিপুরায় আরেকটি বড় ফ্যাক্টর হয়ে উঠছে তিপ্রামোথা। ৬০টি আসনের বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এখনও খাতা খুলতে পারেনি। তবে তৃণমূল কংগ্রেস ১২টি আসন পেয়েছে।

নাগাল্যান্ডে জয়ের পথে বিজেপি জোট
উত্তর পূর্বের আরেক রাজ্য নাগাল্যান্ড। সেখানে বিজেপি সরকার গড়তে চলেছে বলে বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল। সেটাই ঘটছে। নাগাল্যান্ডে এগিয়ে রয়েছে বিজেপি জোট। এনপিডি এবং বিজেপি জোট এগিয়ে রয়েছে ৫২টি আসনে। কংগ্রেস মাত্র ৫টি আসন পেয়েছে। কাজেই নাগাল্যান্ডে এক প্রকার সরকার গড়েই ফেলেছে বিজেপি। সেখানে আর অন্য কোনও রাজনৈতিক দলের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।

সাগরদিঘি উপনির্বাচন
এদিকে পশ্চিমবঙ্গের সাগরদিঘি উপনির্বাচনে এগিয়ে গিয়েছে জোট প্রার্থী বায়রণ বিশ্বাস। বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস। পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়েছে। তারপরেই এই ট্রেন্ড প্রকাশ্যে এসেছে। এখনও পিছিয়ে রয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ কংগ্রেসের গড় সেটা আবারও প্রমাণ হতে পারে এই সাগরদিঘির উপনির্বাচনে। এমনই আশঙ্কা করা হচ্ছে।
ছবি সৌ:এএনআই/টুইটার












Click it and Unblock the Notifications