হাইকোর্টে সুবিধা হয়নি, নির্বাচনী বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টের দরজায় বিজেপি
কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি। নির্বাচনী বিজ্ঞাপন প্রসঙ্গে সিঙ্গেল বেঞ্চ ও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় তাদের বিরুদ্ধে গিয়েছে। এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল বিজেপি। তবে সেখানেও কি খুব একটা বেশি আশার আলো দেখা গেল?
বিজেপি নির্বাচনী বিজ্ঞাপনের প্রচারে কুরুচিকর শব্দ প্রয়োগ করেছে। এই অভিযোগ তৃণমূলের তরফে করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা হয়। সিঙ্গেল বেঞ্চ ওই বিজ্ঞাপন বন্ধ করতে নির্দেশ দিয়েছিল। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও আবেদন জানানো হয় বিজেপির পক্ষ থেকে।

কিন্তু সেখানেও তাদের পক্ষে রায় যায়নি। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের কাছেই বিজেপিকে যেতে বলা হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে খুব একটা সুবিধা করতে পারেনি বঙ্গ বিজেপি। এবার সেই কারণে সুপ্রিম কোর্টে আবেদন করল গেরুয়া শিবির।
সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিত্তলের ডিভিশন বেঞ্চে শুনানির আবেদন করে বিজেপি। বক্তব্য, সিঙ্গেল বেঞ্চ তাদের বক্তব্য শোনেনি। বিচারপতি সব্যসাচী ভট্টাচাৰ্য তাদের বিরুদ্ধে নির্দেশ দিয়েছেন। নির্দেশের অন্তর্বর্তীকালীন মেয়াদ ৪ জুন পর্যন্ত। ফলে ওই দিন পর্যন্ত কোনও বিজ্ঞাপন প্রচার করতে পারবে না বিজেপি।
সুপ্রিম কোর্ট তাদের আগামী ভ্যাকেশন বেঞ্চের কাছে আবেদন করতে প্রথমে পরামর্শ দেয়। যদিও আইনজীবীরা জোরাজুরি শুরু করে। সুপ্রিম কোর্ট আর এই বিষয়ে কথা বাড়ায়নি বলে জানা গিয়েছে। ফলে কবে শুনানি হবে? সেই বিষয়ে পরিষ্কার কোনও ছবি সামনে আসেনি।
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল, আদর্শ আচরণবিধি লঙ্ঘণ হতে পারে। এমন বিজ্ঞাপন প্রচার করা যাবে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট।












Click it and Unblock the Notifications