Anti-Narcotics Operation: মায়ানমার থেকে জলপথে ভারতে মাদক পাচার! আন্দামানে কোটি কোটি টাকার ড্রাগসহ গ্রেফতার ৬
Anti-Narcotics Operation: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কোটি কোটি টাকার বিপুল পরিমাণ মাদক-সহ ভেসেল আটকাল কোস্ট গার্ড। উদ্ধার হয়েছে ৬০০০ কেজি মেথামফেটামিন। জানা গিয়েছে, ভেসেলটিতে থাকা ৬ অভিযুক্তই মায়ানমারের বাসিন্দা।
জানা গিয়েছে, ৩ হাজার প্যাকেট করে মোট ২ কেজি মাদক (Drugs) মজুত ছিল। আন্তর্জাতিক বাজারে ওই মাদকের মূল্য প্রচুর কোটি টাকা। মেথামফেটামিন (Methamphetamine) আসলে স্নায়ুতন্ত্র উত্তেজক একটি ওষুধ। লেভো মেথামফেটামিন ও ডেক্স্ট্রো মেথামফেটামিন রূপে পাওয়া যায়।

ওবেসিটি বা স্থুলকায়ত্বে ভুগতে থাকা রোগীদের জন্য চিকিৎসায় অনেক সময় এধরনের ওষুধ দিয়ে থাকেন চিকিৎসকরা। কিন্তু ড্রাগ হিসেবেও এর ব্যবহার রয়েছে। মানসিক আনন্দ পেতে এই মাদক নেশার জন্য ব্যবহৃত হয়।
এদিন কোস্ট গার্ডের তরফে জানান হয় গোটা অভিযানের ঘটনা। ২৩ নভেম্বর শনিবার দেশের মূল ভূখণ্ডের একাধিক রাজ্যে যখন নির্বাচনের গণনা চলছে, সেদিনই ভারত মহাসাগরে ওই অভিযান চালানো হয়। পোর্টব্লেয়ার (Port Blair) থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্যারেন দ্বীপপুঞ্জে একটি মৎস্যজীবীদের ট্রলারের গতিবিধি দেখে সন্দেহ হয় কোস্ট গার্ডের আধিকারিকদের।
ওই ট্রলারটিকে প্রথমে সতর্ক করা হয়। গতি কমাতে নির্দেশ দেওয়া হলেও তা মানেনি ট্রলারটি। এরপরই কাছাকাছি থাকা কোস্ট গার্ডের দ্রুতগতির ভেসেলগুলি ব্যারেন দ্বীপপুঞ্জের দিকে ট্রলারটিকে ধাওয়া করতে শুরু করে। এরপরই ট্রলারের সদস্যদের ধরে ফেলে শনিবার পোর্টব্লেয়ারে নিয়ে আসা হয় ট্রলারটিকে। সেখানেই মায়ানমারের ৬ অভিযুক্তকে গ্রেফতারির পর তদন্ত শুরু হয়েছে।
মাছের ট্রলারে করে ভারতে ও প্রতিবেশী দেশগুলিতে ওই বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। গোটা ঘটনা আন্দামান ও নিকোবর পুলিশকেও জানানো হয়েছে। তাদের সঙ্গে যৌথভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
তবে এই প্রথম নয়, এর আগেও আন্দামানে ভারতের জলসীমানায় প্রচুর মাদক বাজেয়াপ্ত করেছে কোস্ট গার্ড। ২০১৯ ও ২০২২ সালে বিদেশি ভেসেল থেকে এরকমই মাদক উদ্ধার করা হয়। আন্দামান হয়ে দক্ষিণ ভারত থেকে ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতে পাচারকারীরা মাদক পাচারের রুটম্যাপ করেছে বলে অনুমান তদন্তকারীদের।












Click it and Unblock the Notifications