বাংলা-বিহারের পরে উত্তর প্রদেশেও ইন্ডিয়া ব্লকে ধাক্কা! 'জোটসঙ্গী'কে চার লোকসভা আসনের প্রস্তাব বিজেপির
ইন্ডিয়া ব্লকের ছন্নছাড়া দশা। বিহারে নীতীশ কুমার এনডিএতে ফিরে গিয়েছেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁর দল তৃণমূল রাজ্যের ৪২ টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা এখনও হয়নি। সেই পরিস্থিতিতে ইন্ডিয়া ব্লকের আরও এক দল বিজেপি সঙ্গী হওয়ার পথে পা বাড়িয়েছে। তাদের সঙ্গে বিজেপির আলোচনাও অনেকটাই সাড়া বলে খবর সূত্রের।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, উত্তর প্রদেশে রাষ্ট্রীয় লোকদল লোকসভা নির্বাচনে সম্ভাব্য জোটের জন্য বিজেপির সঙ্গে আলোচনা করেছেন। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি আরএলডিকে আমরোহা, মথুরা, বাগপত ও কাইরানা আসন দেওয়ার প্রস্তাবও করেছে।

সূত্রের আরও খবর, জয়ন্ত চৌধুরী মঙ্গলবার দিল্লিতে বিজেপির এক সিনিয়র নেতার সঙ্গে দেখা করেছিলেন। সেখানে তিনি নাকি বলেছেন, গুরুত্বপূর্ণ নির্বাচনবের আগে কয়েকমাস হাতে রয়েছে। দুই দলের হাত মেলানোর কথা বিবেচনা করা যেতে পারে। তবে এব্যাপারে এখনও কোনও ঘোষণা করেননি জয়ন্ত চৌধুরী।
আরএলডি উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির গুরুত্বপূর্ণ সহযোগী। এই দল যদি শেষ পর্যন্ত বিজেপির দিকে সরে যায়, তাহলে তা ইন্ডিয়া জোটের পক্ষে আরও একটি ধাক্কা হবে। উত্তর প্রদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জয়ন্ত চৌধুরী ইন্ডিয়া ব্লক থেকে নিজেকে কার্যত দূরে সরিয়ে নিয়েছেন।
সম্প্রতি উত্তর প্রদেশের ছাপরাউলিতে পিতামহ চৌধুরী চরণ সিংয়ের মূর্তি উন্মোচন এবং সমাবেশের কথা থাকলেও তা স্থগিত করে দিয়েছেন। সেখানে বলা হয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওই পদক্ষেপের সঙ্গে বিজেপির সঙ্গে আলোচনার সম্পর্ক রয়েছে। শোনা যাচ্ছে বিজেপি ও আরএলডির মধ্যে আসন সমঝোতা হলে, সেই সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিতে পারেন।
যদিও এর আগে গত ১৯ জানুয়ারি সমাজবাদী পার্টি ও আরএলডি নিজেদের মধ্যে আসম সমঝোতা চূড়ান্ত করেছে। এসপি আরএলডিকে সাতটি আসন দেওয়ার কথা জানিয়েছিল সেই সময়। কিন্তু তিনটি আসন নিয়ে দুই দলের মতবিরোধ ছিল। কাইরানা, বিজনোর এবং মুজফফরনগরে এসপি আরএলডির প্রতীকে তাদের প্রার্থী দাঁড় করানোর ইচ্ছা প্রকাশ করেছিল।
এদিকে উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে এসপি কংগ্রেসকে দিতে চায় ১১ টি আসন। কিন্তু কংগ্রেস সেখানে ২৫ টি আসনে লড়াই করতে চায়। ইতিমধ্যে এসপি ১৬ টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। উল্লেখ করা প্রয়োজন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস উত্তর প্রদেশে পেয়েছিল একটি আসন। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজপার্টি একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫ টি আসনে জয়লাভ করেছিল।












Click it and Unblock the Notifications