৮৬ তম 'মন কি বাত' অনুষ্ঠানে তানজানিয়ার কিলি পলের প্রশংসা করলেন মোদী
৮৬ তম 'মন কি বাত' অনুষ্ঠানে তানজানিয়ার কিলি পলের প্রশংসা করলেন মোদী
তানজানিয়ার বাসিন্দা কিলি পল ভারতীয় বলিউড গানে ঠোঁট মিলিয়ে রিল বানান। তিনি ভারত তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে জনপ্রিয়। সম্প্রতি ভারতীয় হাইকমিশন তাঁকে ও নিমাকে ভারতীয় সংস্কৃতি নিজের দেশে তুলে ধরার জন্য পুরস্কৃত করেছে। এবার ৮৬ তম মন কি বাত অনুষ্ঠানে কিলি পল ও নিমার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী৷

রবিবার ৮৬ তম 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'তানজানিয়ার কিলি এবং নিমা ভারতীয় সঙ্গীতের প্রতি অনুরাগ দেখিয়েছেন। তাঁরা লতা দিদির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। ঠিক তাদের মতোই আমাদের দেশের সন্তানরাও একই কাজ করতে পারে। 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অংশ হিসাবে, তরুণরা তাদের নিজস্ব উপায়ে ভারতীয় ভাষায় জনপ্রিয় গানের ভিডিও তৈরি করতে পারে।'
তিনি আরও বলেন, 'কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত শত শত ভাষা, হাজার হাজার উপভাষা রয়েছে যা একে অপরের থেকে আলাদা কিন্তু পারস্পরিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত। দেশে অনেক ভাষা রয়েছে কিন্তু অভিব্যক্তি একই৷' এখানেই না থেমে প্রধানমন্ত্রী বলেন, 'ভারতীয় সঙ্গীত সবাইকে মুগ্ধ করে। আমার মনে আছে, কয়েক বছর আগে, ১৫০ টিরও বেশি দেশের গায়ক-সংগীতশিল্পীরা তাঁদের নিজ নিজ দেশে, সেখানকার পোশাকে, মহাত্মা গান্ধীর প্রিয় ভজন 'বৈষ্ণব জন'- সুন্দরভাবে পরিবেশন করেছিলেন। ভাষার দিক থেকে ভারত এতটাই সমৃদ্ধ যে এর কোনও তুলনা হতে পারে না। আমাদের বৈচিত্র্যময় ভাষার জন্য আমাদের অবশ্যই গর্বিত হতে হবে।'












Click it and Unblock the Notifications