আমেরিকা-রাশিয়ার দ্বন্দ্বের প্রভাব ভারতের ওপরে! বড় ধাক্কা অস্ত্র আমদানিতে
২০২২-এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার মধ্যেও ভারত রাশিয়া থেকে দিনের পর দিন তেল আমদানি বাড়িয়ে চললেও আমেরিকার সঙ্গে রাশিয়ার খারাপ সম্পর্কের কারণে প্রভাব পড়েছে ভারতের অস্ত্র আমদানিতে।
রাশিয়া থেকে ভারতে অস্ত্র আমদানিতে বড় বাধা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে না এমন একটি অর্থ লেনদেনের ব্যবস্থা থুঁজে বের করতে লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। কেননা এই মুহূর্তে চিনকে ঠেকাতে সস্তায় অস্ত্র আমদানিতে রাশিয়া ছাড়া আর কেউ নেই।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অস্ত্র আমদানির পরে ভারত প্রায় ২ বিলিয়ন ডলার গত একবছর ধরে রাশিয়াকে দিতে পারেনি। যে কারণে রাশিয়াও প্রায় ১০ বিলিয়ন ডলার মূল্যের যন্ত্রাংশ পাঠানো বন্ধ রেখেছে। মূলত নিষেধাজ্ঞার কারণে ভারত অস্ত্রের মূল্য মার্কিন ডলারে দিতে পারেনি।
অন্যদিকে বিনিময় হারে অস্থিরতার কারণে রাশিয়াও টাকা নিতে চাইছে না। অন্যদিকে একই কারণে ভারত সরকারও পুরো চুক্তিটি রুবলে সম্পূর্ণ করতে পারছে না। ভারত সরকারের তরফে মস্কোকে অস্ত্র বিক্রির টাকা ভারতীয় ঋণ ও পুঁজির বাজারে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হলেও, পুতিন সরকার সেই প্রস্তাবকে আকর্ষণীয় মনে করেনি।
অন্যদিকে আরেকটি সম্ভাবনা হল ইউরো এবং দিরহাম ব্যবহার করা। যে মুদ্রা ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির জন্য ব্যবহার করে থাকে। তবে সেক্ষেত্রে আমেরিকার নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিনিময় হার বেড়ে গিয়ে ভারতই অসুবিধায় পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাশিয়া দুটি S-400 মিসাইল প্রতিরক্ষা সিস্টেম পাঠানো বন্ধ রেখেছে। বিষয়টিতে আমেরিকার অনুমতি নেই। তবে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন S-400 মিসাইল প্রতিরক্ষা সিস্টেমের জন্য জরিমানা প্রত্যাহার-সহ রাশিয়ার সঙ্গে লেনদেনের কারণে ভারতকে শাস্তি দেওয়া থেকে বিরত রয়েছে।
রাশিয়ার হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানের ওপরে নির্ভরশীল হওয়া ভারতের বিমানবাহিনী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে। বিশেষ করে যে সময় ভারতের সঙ্গে চিন ও পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ প্রায়ই হয়ে থাকে।












Click it and Unblock the Notifications