নিস্তার নেই বেঙ্গালুরুর জলবন্দি বাসিন্দাদের, আগামী দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
নিস্তার নেই বেঙ্গালুরুর জলবন্দি বাসিন্দাদের, আগামী দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
গত কয়েকদিনের বৃষ্টিতে বেঙ্গালুরুর বেশিরভাগ অঞ্চল জলের তলায় চলে গিয়েছিল। তবে বৃষ্টিপাত কমতে শুরু করলে, জমে থাকা জল নামতে শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করতে শুরু করেন বেঙ্গালুরুর স্থানীয় বাসিন্দারা। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনও অবধি বেঙ্গালুরুর দুর্ভোগ কাটেনি। দুই দিন বেঙ্গালুরু সহ কর্ণাটকের একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
ভারতের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৮ ও ৯ সেপ্টেম্বর কর্ণাটকের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ৯ ও ১০ সেপ্টেম্বর কর্ণাটকের অভ্যন্তরে বেঙ্গালুরু সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একটি ঘূর্ণিঝড় কর্ণাটকের আশেপাশের অঞ্চলে অবস্থান করছে। পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গপোসাগরের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবাহিত হয়ে কর্ণাটকের দক্ষিণ অংশে প্রবেশ করবে। সেখান থেকে ক্রমশ কর্ণাটকের উত্তরদিকে যাবে। যার জেরে কর্ণাটকের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

৩৪ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত
মৌসম ভবনের তথ্য অনুসারে, গত চারদিনে বেঙ্গালুরুতে ২৫১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার মধ্যে শুধু রবিবার বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৩১.৬ মিলি। গত ৩৪ বছরে সর্বোচ্চ। রবিবারে প্রবল বৃষ্টিপাতের জেরেই বেঙ্গালুরুর একাধিক অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। মৌসম ভবনের প্রবীণ বিজ্ঞানী আরকে জেনামানি জানিয়েছেন, এর আগে ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর ১৩২.৬ মিমি বৃষ্টিপাত হয়েছিল। বেঙ্গালুরুতে এখনও পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১৯৮৮ সালে ১৭৭.৬ মিমি। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শুধু বেঙ্গালুরু নয়, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ ও কর্ণাটকের একাধিক অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছে।

বিপাকে সাধারণ মানুষ
ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরু গত কয়েকদিন প্রবল বৃষ্টিতে কার্যত জলের তলায়। একাধিক বহুতলে জল ঢুকে গিয়েছে। রাস্তা জমে যাওয়া জলের জেরে যান চলাচল ব্যহত হয়েছে। ট্রাক্টরের সাহায্যে বেঙ্গালুরুতে সাধারণ মানুষকে উদ্ধার করা হচ্ছে। জলবন্দি বেঙ্গালুরুর একাধিক জায়গা পানীয় জল ও বিদ্যুতের সমস্যা দেখতে পাওয়া গিয়েছে। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ হোটেলে আশ্রয় নিয়েছেন। চাহিদা দেখে হোটেল মালিকরা রুমের ভাড়া বাড়াতে শুরু করেছেন।

স্থানীয় মানুষের ক্ষোভ
বেঙ্গালুরুর স্থানীয় মানুষ কর্ণাটক সরকার ও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাঁরা জলবন্দি পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে দায়ী করেছেন। যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বেঙ্গালুরুর বর্তমান পরিস্থিতির জন্য পূর্ববর্তী কংগ্রেস সরকারে অপশাসন দায়ী।












Click it and Unblock the Notifications