ঘনীভূত নিম্নচাপ, অতিভারী বর্ষণের সতর্কতা একাধিক রাজ্যে
আপাতত বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না মহারাষ্ট্র। মুম্বই সহ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
আপাতত বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না মহারাষ্ট্র। মুম্বই সহ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মুম্বইয়ের অবস্থা প্রথম থেকেই সংকটজনক। তার উপর প্রবলবর্ষণ শুরু হওয়ায় সংকট আরও বাড়বে এমনই আশঙ্কা মহারাষ্ট্র সরকারের। রবিবারই তাই স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

উদ্ধারে নৌসেনা
নৌসেনার সাহায্য নিয়ে মুম্বই সংলগ্ন এলাকার বাসিন্দাদের উদ্ধার করে আনা হয়েছে। গত ৩০ ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টি চলছে মুম্বইয়ে। নালাসোপারা, সান্টাক্রুজ, ভাসি, ভিরার, সিওন, কুর্লা, আন্ধেরি, মালাড, ভিলে পার্লের বাসিন্দারা গত কয়েকদিন ধরেই জলবন্দি হয়ে রয়েছেন। ট্রেন চলাচল সহ সড়ক পরিবহণও ব্যহত হচ্ছে।

নানা রাজ্যে সতর্কতা
তবে শুধু মহারাষ্ট্র বা গুজরাট নয় অতিবৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোঙ্কন এবং গোয়ায়। গুজরাটেও চলবে প্রবল বর্ষণ। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে।

উত্তর ও উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও উত্তর ভারতের একাধিক রাজ্যেও। হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, ছত্তীশগড়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

পিছিয়ে নেই বাংলা-ওড়িশাও
গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্র প্রদেশ এবং আন্দামান উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ আরও শক্তিবৃদ্ধি করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।












Click it and Unblock the Notifications