Nidhi Tewari: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ব্যক্তিগত সচিব নিধি তিওয়ারি, জানেন কে ইনি?
Nidhi Tewari: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ব্যক্তিগত সচিব হলেন আইএফএস অফিসার নিধি তিওয়ারি। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ২০১৪ সালের ব্যাচে উত্তীর্ণ অফিসার নিধি। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর অফিস (পিএমও)-র ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত রয়েছেন। শুক্রবার কর্মী ও গণঅভিযোগ সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জারি নির্দেশকা অনুসারে, নতুন দায়িত্ব দেওয়া হল নিধি তিওয়ারিকে।
নিধির নিয়োগ নিয়ে আগেই চূড়ান্ত অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি ওরফে ACC। ২৯ মার্চ এসংক্রান্ত সরকারি নির্দেশিকাও প্রকাশিত হয়। তাতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজের অভিজ্ঞতা বিবেচনা করে নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন নিধি তিওয়ারি। ২০২২ সালে আন্ডার সেক্রেটারি হিসেবে তাঁকে পিএমও-তে নিয়োগ করা হয়েছিল। আর এবার সরাসরি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্বে নিধি। ঘটনাচক্রে নিধি আবার নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রেরই বাসিন্দা। বারাণসীর মেহমুরগঞ্জে বাড়ি নিধির। ২০১৪ সাল থেকে বারণসী কেন্দ্র থেকেই বারবার জিতে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী।
২০১৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ৯৬ তম ব়্যাঙ্ক ছিল নিধি তিওয়ারির। বারাণসীতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কাজ করতেন তিনি। এরপর ইউপিএসসি পাশ করেন নিধি। পিএমও-তে যোগ দেওয়ার আগে বিদেশমন্ত্রকেও কাজ করেছেন তিনি। সেখানে নিরস্ত্রকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগে কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক সম্পর্কে তাঁর কাজের অভিজ্ঞতার দরুণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ করা হয় নিধিকে। সেখানে সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অধস্তন ছিলেন তিনি।
সেই অভিজ্ঞতা থেকেই এবার সরাসরি মোদীর ব্যক্তিগত সচিব হলেন নিধি। এই পদে একাধিক গুরুদায়িত্ব থাকবে নিধি তিওয়ারির উপর। প্রধানমন্ত্রীর গৃহীত সিদ্ধান্ত থেকে নীতি নির্ধারণ-সহ নানা বিষয়ে জড়িত থাকবেন এই আইএফএস অফিসার। সূত্রের খবর, এই পদে মাসিক দেড় লক্ষ টাকার কাছাকাছি বেসিক বেতন পাবেন নিধি। এর সঙ্গে জুড়বে মহার্ঘ ভাতা বা ডিএ, ট্রাভেল অ্যালোয়েন্স ও অন্যান্য ভাতাও।












Click it and Unblock the Notifications