‘৪ সন্তান থাকলে মিলবে ১ লাখ’, ব্রাহ্মণ দম্পতিদের বার্তা মধ্যপ্রদেশের এক মন্ত্রীর
ফের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের মন্ত্রী। ফের একবার কোনও এক রাজ্যের মন্ত্রীর মুখে শোনা গেল চার সন্তান জন্মের প্রসঙ্গ, যা নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ল বিভিন্ন মহলে।
মধ্যপ্রদেশ সরকারের একটি বোর্ডের প্রধান, ব্রাহ্মণ দম্পতিদের জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যারা চারটি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেবেন তাঁদের জন্যে। পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী পদে রয়েছেন বলে জানা যাচ্ছে।

ইন্দোরে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজোরিয়া বলেন যে, "বিদ্বেষীদের' সংখ্যা বাড়ছে কারণ "আমরা আমাদের পরিবারের প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছি"। "তরুণদের কাছ থেকে আমার অনেক আশা আছে। আমরা বয়স্কদের কাছ থেকে বেশি কিছু আশা করতে পারি না। মনোযোগ দিয়ে শুনুন, ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য আপনার দায়িত্ব। কমবয়সী দম্পতিরা এখন এক সন্তানের পরই থেমে যান। তবে এটি বড় সমস্যা। আমি অনুরোধ করছি, আপনার কমপক্ষে চারটি সন্তানের জন্ম দিন"।
তারপরেই তিনি ঘোষণা করে বলেন যে, "পরশুরাম বোর্ড চার সন্তান সহ দম্পতিদের ১ লক্ষ টাকা পুরস্কার দেবে। আমি বোর্ড সভাপতি থাকি বা না থাকি, পুরস্কার দেওয়া হবে সেই সকল দম্পতিকে"।
রাজোরিয়া বলেন, "তরুণরা প্রায়ই তাকে বলেন যে শিক্ষা এখন ব্যয়বহুল। তবে আমি বলব, যেকোনভাবে সামলান, কিন্তু সন্তান জন্ম দিতে পিছপা হবেন না। অন্যথায় বিদ্বেষীরা এই দেশ দখল করবে"।
পরে, রাজ্যের মন্ত্রী রাজোরিয়া এক সাক্ষাৎকারে বলেন, "এটি একটি ব্যক্তিগত উদ্যোগ। এটি কোনও সরকারী উদ্যোগ নয়। এটি আমার সামাজিক বিবৃতি, একটি কমিউনিটি প্রোগ্রামে করা হয়েছে। ব্রাহ্মণ সমাজ এই প্রতিশ্রুতিগুলি পূরণ করতে পারে বলেই আমার মনে হয়"।
অন্যদিকে, পণ্ডিত বিষ্ণু রাজোরিয়ার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের মুকেশ নায়ক। তাঁর কথায়, "রাজোরিয়াকে অবশ্যই তার মন্তব্য পুনর্বিবেচনা করতে হবে। তিনি একজন শিক্ষিত মানুষ, আমার বন্ধু। আমি তাকে বলতে চাই যে জনসংখ্যা বৃদ্ধি আজ বিশ্বের বড় সমস্যাগুলির মধ্যে একটি। যত কম শিশু, তাদের শিক্ষা নিশ্চিত করা তত সহজ হবে। এমন একটি বিভ্রান্তি তৈরি করা হচ্ছে যে মুসলমানদের সংখ্যা ছাড়িয়ে যাবে। আমাদের দেশ তখনই শক্তিশালী হবে যখন আমরা সবাই ঐক্যবদ্ধ হব"।
যদিও এই মন্তব্যের পর বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কার্যত, এই প্রসঙ্গ থেকে বিজেপি নিজেকে সরিয়ে নিয়েছে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, কিছুদিন আগেই এরাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে 'হাম দো, হামারে চার' ফর্মূলা জারি করেছিলেন। যা নিয়ে কম বিতর্কের ঝড় ওঠেনি, তা কিন্তু নয়। বিজেপি এর তীব্র প্রতিবাদ করে। আর এবার বিজেপি শাসিত রাজ্যে বিজেপিরই এক মন্ত্রী তুলে আনলেন চার সন্তানের প্রসঙ্গ; যা নতুন করে উত্তেজনার মাত্রা আরও বাড়াল।












Click it and Unblock the Notifications