'আমি হেরে গেলে গোল্লায় যাবে অর্থনীতি', ভারতীয় ব্যবসায়ীদের কাছে দাবি ট্রাম্পের
চলতি বছরেই অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এবং সেই নির্বাচনে নিজের জয়ের ব্যপারে আশাবদী বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। ৩৬ ঘণ্টার ভারত সফরে এসে যেন বকলমে নিজের হয়ে প্রচার চালালেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা নির্বাচন নিয়ে ইতিবাচক দাবি জানিয়েও জানান দিয়ে রাখলেন এক আশঙ্কাবাণীর।

'আমি জিতলে আমাদের শেয়ার বাজার কয়েক হাজার পয়েন্ট উঠবে'
এদিন দিল্লিতে মার্কিন দূতাবাসে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন হন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই ভারতীয় ব্যবসায়ীদের উদ্দেশ্য করে ট্রাম্প দাবি করেন, 'আমি জিতলে আমাদের শেয়ার বাজার কয়েক হাজার পয়েন্ট উঠে যাবে। তবে আমি যদি না জিতি তবে শেয়ার বাজারে ধস নামবে।'

নিজের দাবির স্বপক্ষে যুক্তি দেন ট্রাম্প
নিজের এরকম দাবির স্বপক্ষে যুক্তিও পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, 'আমরা আবার জিতব। কারণ একবার পর্যালোচনা করে দেখুন যে আমরা কতটা কাজ করেছি। এবং আমাদের কাজে সবাই খুশি। আমৃপনারা মনে হয় অনুভবও করেছেন যে আমার কাজে খুশি বলেই আপনারা এত স্বচ্ছন্দে আমেরিকাতে রয়েছেন।'

নিজের সরকারের কাজের খতিয়ান দেন ট্রাম্প
ট্রাম্প প্রশাসনের ভালো কাজ তুলে ধরতে এদিন তিনি বলেন, 'এর আগে রাস্তা এবং হাইওয়ের অনুমোদন পেতে ২০ বছর লেগে যেত। আমরা এই সময়সীমাকে অনেক কমিয়ে এনেছি। বর্তমানে, এটি দুই বছরে সম্পন্ন করে আমার সরকার। আমরা এই সময়সীমা আরও কমিয়ে আনার চেষ্টা করছি। কোনও প্রকল্পে সমস্যা থাকলে সেটিকে অনুমোদন দেওয়া হয় না। তবে পুরো প্রক্রিয়াটি দ্রুত করা হয়েছে আমার সরকারের অধীনে।'












Click it and Unblock the Notifications