লোকসভা নির্বাচনে ইউপিএ-এনডিএ কতগুলি করে আসন পাবে! কী বলছে ইন্ডিয়া টিভির সমীক্ষা
আগামী লোকসভা নির্বাচন যে অনেক বড় পরীক্ষা হতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের কাছে, তা সকলেই আন্দাজ করতে পারছেন।
আগামী লোকসভা নির্বাচন যে অনেক বড় পরীক্ষা হতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের কাছে, তা সকলেই আন্দাজ করতে পারছেন। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুই জোটের জন্য তাতে সন্দেহ নেই। এর পাশাপাশি রয়েছে মহাজোটের সম্ভাবনা। সেক্ষেত্রে লড়াই আরও জমে উঠবে। এখুনি লোকসভা নির্বাচন হলে কী হবে, ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা তার আভাস দেওয়ার চেষ্টা হয়েছে।

একটু দূরে থামবে এনডিএ
সমীক্ষা বলছে, এখুনি ভোট হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫৪৩ আসনের লোকসভায় ২৭২টি আসনের ম্যাজিক ফিগার থেকে ১৫টি আসন কম পেতে পারে।

কত আসন কে পাবে
গতবছরের ডিসেম্বরের ১৫ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছে। ৫৪৩টি লোকসভা আসনেই সমীক্ষা চলেছে। তাতে দেখা যাচ্ছে এনডিএ ২৫৭টি আসন পেতে পারে। কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ (সপা ও বসপা বাদে) ১৪৬টি আসন পেতে পারে।

এগোচ্ছে কংগ্রেস
২০১৮ সালের শেষে পাঁচ রাজ্যে যে বিধানসভা নির্বাচন হল - সেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম ও তেলাঙ্গানার ফলাফলের পর এই সমীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন রাজ্যে কংগ্রেস সরকার গঠন করেছে। বিজেপির হাত থেকে তিনটি রাজ্য চলে গিয়েছে।

বাকীরাও রয়েছেন নজরে
ইন্ডিয়া টিভি-সিএনএক্স এর সমীক্ষায় ইঙ্গিত, ৫৪৩টি আসনের লোকসভায় বাকীরা যে ১৪০টি আসন পাবে, তার ওপরই সরকার তৈরির ভবিষ্যৎ নির্ভর করবে।

নজরে বাকী যাঁরা
এই অন্যান্য দলগুলির মধ্যে রয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, এআইএডিএমকে, তৃণমূল কংগ্রেস, তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, বামফ্রন্ট, পিডিপি, এআইইউডিএফ, এআইএমআইএম, আইএনএলডি, আম আদমি পার্টি, জেভিএম (পি), এএমএমকে ও নির্দল সাংসদরা।

এনডিএ জোট
এনডিএ জোটে রয়েছে বিজেপি, শিবসেনা, অকালি দল, জেডি (ইউ), মিজো ন্যাশনাল ফ্রন্ট, আপনা দল, সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট, এলজেপি, এনপিপি, আইএনআরসি, পিএমকে ও এনডিপিপি-র মতো দল।

ইউপিএ জোট
এদিকে ইউপিএ জোটে রয়েছে কংগ্রেস, আরজেডি, ডিএমকে, টিডিপি, এনসিপি, জেডি (এস), অজিত সিংয়ের আরএলডি, ন্যাশনাল কনফারেন্স, আরএসপি, জেএমএম, আইইউএমএল, কেরল কংগ্রেস (মণি), আরএলএসপি-র মতো দল।

পূর্বতন সমীক্ষার ফল
নভেম্বর মাসে এই ইন্ডিয়া টিভি ও সিএনএক্স সমীক্ষায় বলা হয়েছিল ২৮১টি আসন পেয়ে এনডিএ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ পেতে চলেছে। কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ ১২৪টি আসন পাবে বলে উঠে এসেছিল। অন্যান্যদের দেওয়া হয়েছিল ১৩৮টি আসন। তবে একমাসের মধ্যে এনডিএ-র ২৪টি আসন কমে গিয়েছে। ইউপিএ-র বেড়েছে ২২টি।












Click it and Unblock the Notifications