মোদী না হলে পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে কে এগিয়ে! প্রকাশ করল মুড অফ দ্য নেশন পোল
দেশবাসীকে যদি বিরোধীদের মধ্যে থেকে নরেন্দ্র মোদীর বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে বলা হয়, তাহলে প্রথমেই যে নামটি আসে, তা হল রাহুল গান্ধীর।
দেশবাসীকে যদি বিরোধীদের মধ্যে থেকে নরেন্দ্র মোদীর বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে বলা হয়, তাহলে প্রথমেই যে নামটি আসে, তা হল রাহুল গান্ধীর। ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের মুড অফ দ্য নেশন পোলে এই চিত্রই উঠে এসেছে। দেশব্যাপী করা সমীক্ষায় অংশ নেওয়া ৫২ শতাংশ মানুষ মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্ত বেছে নেওয়া হলে রাহুলই তাদের পছন্দ।

১৩ হাজার মানুষকে নিয়ে সমীক্ষা
২০১৯-এর লোকসভার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন জাতীয় ইস্যুকে সামনে রেখে প্রায় ১৩ হাজার মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল।
সমীক্ষায় অংশ নেওয়া মানুষদের সামনে প্রশ্ন রাখা হয়েছিল, নরেন্দ্র মোদীকে সরাতে হলে প্রধানমন্ত্রী পদে কাকে যোগ্য বলে মনে করছেন?
রাহুল গান্ধী ছাড়াও অন্য অপশনগুলি ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

পছন্দের তালিকায় রাহুলের অনেক দূরে মমতা
তবে পছন্দের তালিকায় রাহুল গান্ধীর পরেই রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আর রাহুল গান্ধীর মধ্যে তফাত প্রায় ৪৪ পার্সেন্টেজ পয়েন্টের। যেখানে রাহুল গান্ধীর পক্ষে মত প্রকাশ করেছেন ৫২ শতাংশ মানুষ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের
তরফে মত প্রকাশ করেছেন ৮ শতাংশ মানুষ। অর্থাৎ ৮ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে বেছে নিয়েছেন।

হিসেবের অনেক দূরে মায়াবতী, কেজরিওয়াল
মমতা বন্দ্যোপাধ্যায়কে ৮ শতাংশ মানুষ চাইলেও, বিএসপি নেত্রী মায়াবতী, এসপির অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে কার্যত ধর্তর্ব্যের মধ্যেই আনেননি সাধারণ মানুষ। ৪ শতাংশ মানুষ কেজরিওয়ালকে, আর মায়াবতী আর অখিলেশকে যথাক্রমে ৩ ও ৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। এমনটাই জানিয়েছে, ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের মুড অফ দ্য নেশন পোল।












Click it and Unblock the Notifications