'আমি গুজরাতির থেকেও হিন্দি ভাষাকে বেশি ভালোবাসি', দাবি অমিত শাহের
কথায় আছে বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা মাতৃভাষা। ভুমিষ্ঠ হওয়ার পর এক শিশু তার মায়ের থেকে যে ভাষা শেখে তার তুলনা কোনওভাবেই চলে না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বারানসী পৌঁছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, মাতৃভাষা গুজরাতির চেয়ে হিন্দি বেশি ভালোবাসেন তিনি।

শনিবার বারাণসীতে অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দিয়েছিলেন অমিত শাহ৷ সেখানে পৌঁছেই তিনি জানান, কেন্দ্রীয় সরকার রাজভাষা তথা জাতীয় ভাষাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, 'গান্ধীজী দেশের স্বাধীনতা আন্দোলনকে জনগণের স্বতস্ফুর্ত আন্দোলনে পরিণত করেছিলেন। এর তিনটি স্তম্ভ ছিল। স্বরাজ, স্বদেশি এবং স্বভাষা।স্বরাজ তো পেয়েছি আমরা কিন্তু স্বদেশি এবং স্বভাষা লাভ হয়নি৷ এক্ষেত্রে হিন্দি এবং স্থানীয় ভাষার মধ্যে কোনও বিভেদ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে রাজভাষায় বিশেষ নজর দিয়েছি আমরা।' অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের অনুষ্ঠানটিতে এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতেই দীনদয়াল হস্তকলা সঙ্কুল নামক একটি হিন্দি ম্যাগাজিনের উদ্বোধন করেন শাহ।
এমনিতেই সামনে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। বারাণসীতে দলীয় নেতা-কর্মীদের ক্লাস নিতে গিয়েছিলেন শাহ। জানা গিয়েছিল, ৭০০ বিজেপি নেতা কর্মীকে নির্বাচনের খুঁটিনাটি নিয়ে উপদেশ দেবেন শাহ। তবে তাছাড়াও বারাণসী মন্দিরে পৌঁছে কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন এদিন।
নির্বাচনের আগে অমিত শাহের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে নির্বাচন করানোর অভিজ্ঞতা রয়েছে গেরুয়া শিবিরের 'মোটাভাই'এর। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই উত্তরপ্রদেশে ক্ষমতায় টিকে থাকতে চায় বিজেপি। অনেকে আবার মনে করছেন, শনিবার বারাণসীতে দাঁড়িয়ে হিন্দিকে প্রাধান্য দেওয়াও ভোটের রাজনীতির সূক্ষ্ম চাল। কে না জানে, উত্তরপ্রদেশের প্রায় শত শতাংশ জনগণই হিন্দিভাষী!












Click it and Unblock the Notifications