'ভারত ছেড়ে পালাইনি' বিদেশে বসে টুইট বিজয় মাল্যর
নয়াদিল্লি, ১১ মার্চ : ঋণের টাকা না মেটানোয় তাঁকে খুঁজছে অন্তত ১৭টি ব্যাঙ্ক। তাঁকে নিয়ে সংসদে ঝড় তুলেছে বিরোধী দলগুলি। আর তিনি, ইউবি গোষ্ঠীর প্রধান বিজয় মাল্য বিদেশে বসে টুইট করে বলছেন, 'আমি দেশ ছেড়ে পালাইনি'।
এদিন সকালে একেরপর এক টুইট করে বিজয় মাল্য নিজের স্বপক্ষে জানিয়েছেন, আমি দেশ ছেড়ে পালাইনি। আমি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। ফলে নানা কাজে সবসময় আমাকে বিদেশযাত্রা করতে হয়। আমি পলাতক নই।

ঋণের টাকা মেটাননি বিজয় মাল্য। তাই তাঁর বিদেশযাত্রা স্থগিত করা হোক। এই আর্জি নিয়ে বেশ কয়েকটি ব্যাঙ্কের তরফে দিন তিনেক আগে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল। সেই সময়ই খোঁজ নিয়ে জানা যায়, খবর হওয়ার আগেই গত ২ মার্চ দেশ ছেড়েছেন বিজয় মাল্য।
বিজয় মাল্যকে কেন আটকানো হল না। এই বিবৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে সংসদে সুর চড়ায় বিরোধীরা। সরকারের সদিচ্ছার অভাব নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
এসবের মাঝেই এদিন পরপর টুইট করে বিজয় মাল্য জানান, তিনি একজন সাংসদ। দেশের সংবিধানের উপরে তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তবে তাঁর সমালোচনা করার জন্য সংবাদমাধ্যমেরপ একাংশকে একহাত নেন তিনি। তবে কবে তিনি ভারতে ফিরবেন বা কোথায় আছেন, সেটা স্পষ্ট করেননি ইউবি প্রধান।
প্রসঙ্গত, বিজয় মাল্যর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। এখন দেখার তিনি কবে দেশে ফেরেন নাকি তাঁকে গ্রেফতার করে ফিরিয়ে আনা হয়।












Click it and Unblock the Notifications