পালিয়ে যাইনি, চাইলে দেখা করে যান, আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর, পালটা রাজভবনে ডাকলেন অভিষেক
পালিয়ে যাইনি। চাইলে কলকাতায় দেখা করে যান। পরিষ্কার এই কথাই বললেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। শনিবার বেলায় কলকাতায় দলের কর্মসূচিতে এসেছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এদিকে তৃণমূলের তরফে রাজভবনের বাইরের রাস্তায় চলছে ধরনা কর্মসূচি। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের উদ্দেশ্যে বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
বিজেপির মন্ত্রী কলকাতায় এসেছেন। কয়েক দিন আগেই তৃণমূল নেতা, মন্ত্রীদের দিল্লিতে কৃষি ভবন চ্যাংদোলা করে, টেনেহিঁচড়ে বার করা হয়েছিল। সাধ্বী নিরঞ্জন জ্যোতি অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে দেখা করতে চাননি৷ এই অভিযোগও করা হয়। মন্ত্রী পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন ওই দিন৷ এই বার্তা তৃণমূলের তরফ থেকে প্রচার করা হচ্ছে।

এদিন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন। সেদিন দিল্লিতে তাঁর ঘরেই মন্ত্রী অপেক্ষা করেছিলেন৷ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যাননি। প্রতিনিধি দলের লোকেরা দেখা করতে চেয়েছেন। দলের প্রতিনিধিদের সংখ্যা বাড়িয়েছেন। তাতেও মন্ত্রী আপত্তি করেননি। কিন্তু তৃণমূলের তরফ থেকে কেউ যাননি তাঁর কাছে।
সাংবাদিক বৈঠকের সময় মন্ত্রীর একপাশে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য পাশে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মন্ত্রী পরিষ্কার বলেন, "পালিয়ে গেলে কলকাতা আসতাম না। আমার জন্ম বুন্দেলখণ্ডে। পালিয়ে যাওয়ার মেয়ে আমি নই।"
মন্ত্রী এবার আরও একধাপ এগিয়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তিনি আমন্ত্রণ জানান। তিনি পশ্চিমবঙ্গে এসেছেন। চাইলে দেখা করতে পারেন তৃণমূল প্রতিনিধিরা। আর এই বক্তব্যতেই রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের ধরনা মঞ্চে মন্ত্রীর এই বক্তব্য এসে পৌঁছায়। এবার পাল্টা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মন্ত্রী বিজেপির পার্টি অফিসে গিয়েছেন। কথা বলতে গেলে বিজেপির পার্টি অফিসে যেতে হবে। কখনওই তৃণমূলের কেউ সেখানে যাবেন না। দিল্লিতে মন্ত্রী দেখা করেননি। পরে অফিস থেকে বার করে দিয়েছেন। এখন মন্ত্রী কলকাতা এসে তৃণমূলকে ডাকছেন।
অভিষেক পাল্টা বলেছেন, মন্ত্রী এখানে আসুন। রাজভবনে কথা হবে৷ এদিনও জমিদারি প্রসঙ্গ উঠে এসেছে অভিষেকের কথায়। তিনি বলেন, "এই জমিদারির বিরুদ্ধেই আমাদের লড়াই। রাজভবনের সামনে এসে বৈঠক করুন।" এই নিয়ে রীতিমতো চাপানউতোর শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications