জঙ্গিদের জন্য কীভাবে টাকা তুলত হুরিয়ত নেতারা, জানতে পারল এনআইএ
হজ যাত্রা থেকে তোলা টাকা দিয়েও উপত্যকায় জঙ্গিদের অর্থসাহায্য করত হুরিয়ত নেতারা, তদন্তে নেমে জানতে পারল এনআইএ। হজযাত্রীদের কাছ থেকে নেওয়া টাকার এক অংশ পৌঁছে যেত হুরিয়ত নেতাদের অ্যাকাউন্টে ।
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে জঙ্গি সংগঠনগুলিকে অর্থসাহায্য মামলায় আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল এনআইএ-র হাতে। শুধুমাত্র সীমান্ত বাণিজ্যই নয়, হজ যাত্রা থেকেও টাকা তোলা হত বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তদন্তে নেমে এনআইএ জানতে পেরেছে, হজ এজেন্টরা যে পরিমাণ টাকা হজযাত্রীদের কাছ থেকে নেয়, তারই একটি অংশ হুরিয়ত নেতাদের কাছে পৌঁছে যেত বলে জানা গিয়েছে। এজেন্টরা হজযাত্রী পিছু ২ লক্ষ টাকা করে নেয়, সেই টাকার মধ্যে দেড় লক্ষ টাকাই পকেটস্থ করে তারা। এবং সেই টাকারই একটি অংশ ঘুরপথে পৌঁছে যায় হুরিয়ত নেতাদের অ্যাকাউন্টে। সেই টাকা দিয়েই হুরিয়ত নেতারা জঙ্গিদের সাহায্য করে বলে তদন্তে উঠে এসেছে। একইসঙ্গে ওই টাকা দিয়েই উপত্যকায় অশান্তির আগুন জ্বালাতে ব্যবহার হয়।
অপরদিকে হজযাত্রীদের মক্কা পৌঁছে দিতে ভর্তুকিতে টিকিট কেনে এজেন্টরা। মক্কা যাওয়া- আসার টিকিট সেক্ষেত্রে ৫০ হাজার টাকাতেই পেয়ে যায় হজ এজেন্টরা। সৈয়দ আলি শাহ গিলানির জামাই সহ ৭জন ধৃতকে জেরা করে এমনই তথ্য পেয়েছে এনআইএ।

এর পাশাপাশি, এনআইএ আরও জানতে পেরেছে, নিয়ন্ত্রণরেখা বরাবর চড়া দামে শুকনো ফল ও খাবার বিক্রি করেও জঙ্গি কার্যকলাপের জন্য টাকা তোলা হয়। কিন্তু গত নভেম্বরে নোট বাতিলের পরও কীভাবে জঙ্গিরা টাকা তুলে গিয়েছে, আপাতত তা জানার চেষ্টা করছে এনআইএ।












Click it and Unblock the Notifications