বাজেট ২০২৫: জাতীয় টিকাদান কর্মসূচীর আওতায় আসতে পারে HPV ভ্যাকসিন, নেওয়া হতে পারে নতুন সিদ্ধান্ত
আর কিছুক্ষণ, তারপরই ২০২৫-'২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটের দিকে তাকিয়ে সকল শ্রেণির মানুষ। এমনকি বিভিন্ন খাতেই হতে পারে কিছু পরিবর্তন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই উল্লেখযোগ্য ভাবে পরিবর্তন আশা করা হচ্ছে চিকিৎসা খাতে।
চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে অর্থাৎ আজকের বাজেটে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন রোল আউটের ঘোষণা হতে পারে, যা সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার জাতীয় টিকাদান কর্মসূচির (NIP) আওতায় এই ভ্যাকসিন চালু করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত বছর সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদানকে সরকারের অগ্রাধিকারের তালিকায় রেখেছিলেন। যা জানা যাচ্ছে, মেয়েদের জরায়ুমুখের ক্যান্সার থেকে রক্ষা করতে এই ভ্যাকসিন শীঘ্রই চালু হতে পারে, এবং এই বাজেটে এর জন্য অতিরিক্ত তহবিল ঘোষণা করা হতে পারে।
- বর্তমানে কোথায় এবং কত খরচে পাওয়া যায় এই ভ্যাকসিন?
বর্তমানে এইচপিভি ভ্যাকসিন শুধুমাত্র বেসরকারি হাসপাতালেই পাওয়া যায় এবং প্রতি ডোজের খরচ ৮ হাজার পর্যন্ত হতে পারে, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য ব্যয়বহুল। যদি সরকার এটি জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে, তাহলে এটি বিনামূল্যে বা নামমাত্র মূল্যে পাওয়া যাবে, যা সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে ব্যাপক সুরক্ষা প্রদান করবে।
- এইচপিভি ভ্যাকসিন কেন গুরুত্বপূর্ণ?
সার্ভিকাল ক্যান্সার ভারতে মহিলাদের মধ্যে অন্যতম সাধারণ ক্যান্সার। এইচপিভি (Human Papillomavirus) হল এমন একটি ভাইরাস যা সার্ভিকাল ক্যান্সারের প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই ভ্যাকসিনকে নিরাপদ ও কার্যকর হিসেবে স্বীকৃতি দিয়েছে। অনেক দেশ ইতিমধ্যেই তাদের জাতীয় টিকাদান কর্মসূচির মাধ্যমে এই ভ্যাকসিন প্রদান করছে।
- সরকারি পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা
ভারত সরকার ইতিমধ্যে দেশীয়ভাবে উৎপাদিত "সের্ভাভ্যাক্স" (Cervavac) নামে একটি সাশ্রয়ী মূল্যের এইচপিভি ভ্যাকসিন চালু করেছে। বাজেটে যদি এই উদ্যোগের জন্য অর্থ বরাদ্দ করা হয়, তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে বা কম খরচে এই ভ্যাকসিন প্রদান শুরু হতে পারে।












Click it and Unblock the Notifications