চার জুন বিজেপি কটি আসন পাবে? পঞ্চম দফার পরে প্রশান্ত কিশোরের 'নতুন' ভবিষ্যদ্বাণী
তিনি আগেই বলেছিলেন এনডি চারশো আসন কিংবা বিজেপি ৩৭০ টি আসন পাবে না। পঞ্চম দফার নির্বাচনের পরে মঙ্গলবার এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, বর্তমানে বিজেপি সরকারের বিরুদ্ধে উল্লেখযএাগ্য অসন্তোষ নেই। অন্যদিকে বিরুদ্ধে বড় কোনও বিকল্পও নেই।
তিনি বলেছেন, সম্ভবত ২০২৪-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী বিজেপিকে আরেকটি জয়ের পথ দেখাবেন। এদিন তিনি বলেছেন, এবার বিজেপির আসন সংখ্যা ২০১৯-এর কাছাকাছি হতে পারে কিংবা ছাড়িয়ে যেতে পারে। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩০৩ টি আসন।

বিজেপি আবার ফিরছে
প্রশান্ত কিশোর বলেছেন, তিনি মনে করেন, মোদীর নেতৃত্বাধীন বিজেপি আবার ফিরছে। তারা গত নির্বাচনের মতো একই সংখ্যা পেতে পারে কিংবা আরও কিছুটা ভাল করতে পারে। তবে তিনি বলেছেন, এটা নেহাতই অনুমান মাত্র।
নজর দেওয়া উচিত মৌলিক বিষয়ের দিকে
রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, সবাইকেই মৌলিক বিষয়ের ওপরে নজর দেওয়া উচিত। যদি বর্তমান সরকার এবং তার নেতার বিরুদ্ধে ক্ষোভ না থাকে, তাহলে বিকল্প যাই থাকুক না কেন, জনগণ তাদের ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।
তিনি বলেছেন, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অপূর্ণ আকাঙ্খা থাকলেও, জনগণের ব্যাপক ক্ষোভ কিংবা হতাশা দেখা যায়নি।
এনডিএ ক্ষমতায় আসছে
এনডিএ-র ৪০০ আর বিজেপি ৩৭০ আসন পাওয়া নিয়ে প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি যদি ২৭৫ অর্থাৎ গরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে তাদের নেতারা বলবেন না, তারা সরকার গঠন করবেন না। প্রথমে দেখতে হবে তারা ২৭২ টি আসন পাচ্ছে কিনা। তবে তিনি (প্রশান্ত কিশোর) এনডিএ-র ক্ষমতায় ফিরে আসায় কোনও ঝুঁকি দেখছেন না।
কী দাবি কেজরিওয়ালের
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসার দাবির কিছু পরেই প্রশান্ত কিশোর এই মন্তব্য করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেছেন, চার জুন নরেন্দ্র মোদী ক্ষমতা হারাচ্ছেন। তারপর ইন্ডিয়া ব্লক দেশে স্থিতিশীল সরকার দেবে। তিনি আরও দাবি করেছেন, ভোটের প্রতিটি পর্যায় অতিক্রম করার সঙ্গে সঙ্গে এটা স্পষ্ট হয়ে উঠছে মোদী সরকারের বিদায় নিশ্চিত।
দিন কয়েক আগেই প্রশান্ত কিশোর বলেছেন, দেশের অর্ধেকের বেশি হিন্দু বিজেপিকে ভোট দিচ্ছেন না। ২০১৯-এ মুসলিমরা ভোট না দিলেও বিজেপি সারা দেশে ৩৮ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ বিজেপি দেশের ৮০ শতাংশ হিন্দু জনসংখ্যার মধ্যে ৩৮ শতাংশ ভোট পেয়েছে। এর অর্থ হল বিজেপি অর্ধেকের কম হিন্দুর ভোট পেয়েছে।












Click it and Unblock the Notifications