হোটেল পরিষেবা সংস্থা ওয়ো ভারতের ২৪০০ কর্মীকে ছাঁটাই করবে
হোটেল পরিষেবা সংস্থা ওয়ো ভারতের ২৪০০ কর্মীকে ছাঁটাই করবে
মোদী সরকারের দ্বিতীয় জমানায় ভারতের অর্থনীতির বেহাল অবস্থা আরও প্রকট হয়ে উঠছে। দেশের অর্থনৈতিক অবস্থা নিম্নগামী, চাকরি নেই, বেকারত্ব গত ৪৫ বছরে সর্বোচ্চ। আর্থিক বৃদ্ধির হার তলানিতে এসে ঠেকেছে। এর মধ্যেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল হোটেল পরিষেবা সংস্থা ওয়ো। জানা গিয়েছে, ওয়ো হোটেলস অ্যান্ড হোমস ছাঁটাই করল প্রায় ২৪০০ কর্মীকে। অর্থাৎ ভারত থেকে ২০ শতাংশ কর্মী সংখ্যা কমিয়ে নেওয়া হল।

ওয়োর প্রতিষ্ঠাতা রীতেশ আগরওয়াল এক ইমেলের মাধ্যমে সোমবার জানিয়েছেন যে মিড–ম্যানেজমেন্ট, ব্যবসার বিকাশ, সেলস ও পরিচালনা এবং তথ্যপ্রযুক্তি দল থেকে এই ছাঁটাই করা হবে। সংস্থার শীর্ষ এক আধিকারিক বলেছেন, 'ভারত থেকে ২০ শতাংশ কর্মী সংখ্যা কমিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য এবং মার্চ মাসে আরও একটি ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।’ মূলতঃ খরচ কমানোর জন্য এবং কর্মীদের পারফর্মেন্সের অভাব রয়েছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়। চিনে বর্তমানে হোটেল পরিষেবা সংস্থা ওয়োর কর্মী সংখ্যা ১২,০০০। এদের মধ্যে ৫ শতাংশ কর্মীকে ছাটাই করা হয়েছে সম্প্রতি।
বর্তমানে ভারতে ওয়োর কর্মী প্রায় ১০ হাজার। এদের মধ্যে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ কর্মীর। ফলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে ২৪০০ কর্মী বেকার হতে চলেছেন। ভারতের হোটেল বাজারে যথেষ্ট পরিচিত নাম ওয়ো। বর্তমানে কলকাতার বিভিন্ন হোটেলে সংস্থাটির ৭,০০০ ঘর রয়েছে। ২০২০ সালের শেষে তা বাড়িয়ে ২০ হাজার করার লক্ষ্যমাত্রা স্থির করেছিল ওয়ো। বর্তমানে রাজ্যে সংস্থাটির ১,০০০–এর বেশি হোটেল এবং ১৭ হাজারের বেশি ঘর রয়েছে। তবে সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার বাজারে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে নামকরা এই হোটেল পরিষেবা সংস্থাকে।












Click it and Unblock the Notifications