ভূমিকম্পে আহতদের কপালে 'স্টিকার' সাঁটিয়ে বিতর্কে বিহারের হাসপাতাল
পাটনা, ২৯ এপ্রিল : নেপালের ভূমিকম্পের জেরে ভারতের উত্তর ও পূর্ব ভারতের বহু জেলায় প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বিহার। এখানে শনিবারের ভূমিকম্পের পর থেকে প্রায় ৬০ জন মানুষ নিহত হয়েছেন।
প্রবল কম্পনের ফলে বিহারের দ্বারভাঙা জেলার যেসকল মানুষ আহত হয়েছেন তাদের এক বিরল অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। ভূমিকম্পে পীড়িতদের কপালে 'ভূকম্প' লেখা স্টিকার সাঁটিয়ে রাখতে হয়েছে। যাতে অন্য রোগীদের থেকে তাঁদের আলাদা করে চিহ্নিত করা যায়।

অদ্ভুত এই ঘটনা ঘটেছে বিহারের দ্বারভাঙা মেডিক্যাল কলেজ ও হসপিটালে। ঘটনার খবর জানাজানি হওয়ার পর থেকেই হইচই পড়ে যায়। আহতের আত্মীয়রা প্রতিবাদ জানানোর পর অবশ্য স্টিকারটি খুলে দেওয়া হয়।
দ্বারভাঙা মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট ঘটনার জেরে দুঃখপ্রকাশ করলেও বিতর্ক কিন্তু থামছে না। এব্যাপারে একটি সংবাদমাধ্যমে বিহারের মন্ত্রী বৈদ্যনাথ সাহানি বলেছেন, "আমি এব্যাপারে দ্বারভাঙা হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেছি। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতেও নির্দেশ দিয়েছি।"
প্রসঙ্গত, দ্বারভাঙা মেডিক্যাল কলেজে ১৫ জন ভূমিকম্প পীড়িতদের নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে ৬ জনের এখনও চিকিৎসা চলছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications