কীভাবে পাঁচকুলায় হিংসা ছড়াতে কোটি কোটি টাকা খরচ হানিপ্রীতের, জানাচ্ছে পুলিশ
পাঁচকুলায় রায় বেরনোর কয়েকদিন আগে ডেরা সাচা সৌদার পাঁচকুলা প্রধান চমকউর সিংকে ১ কোটি ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন হানিপ্রীত।
গুরমিত রাম রহিম সিংয়ের দোষী সাব্যস্ত হওয়ার দিন হরিয়ানার পাঁচকুলায় বিশেষ সিবিআই আদালতের বাইরে হওয়া হিংসার ঘটনায় সরাসরি জড়িত হানিপ্রীত ইনসান। বলা ভালো তিনিই মূল ষড়যন্ত্রের মাথা। এমনটাই দাবি করছে পুলিশ।

পুলিশি জেরায় রাম রহিমের অ্যাসিস্টান্ট তথা গাড়ির চালক রাকেশ কুমার জানিয়েছে, পাঁচকুলায় রায় বেরনোর কয়েকদিন আগে ডেরা সাচা সৌদার পাঁচকুলা প্রধান চমকউর সিংকে ১ কোটি ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন হানিপ্রীত।
রায় বিপক্ষে গেলে মূলত লোক দিয়ে হাঙ্গামা পাকানোর উদ্দেশেই এই টাকা বিলানো হয়েছিল বলে মনে করছে পুলিশ। সিবিআই আদালত রাম রহিমকে দোষী ঘোষণার পরই সিবিআই পাঁচকুলায় সমর্থকদের জড়ো করে পরিকল্পিত হিংসা ছড়ানো হয়।
রাম রহিমের গাড়ির চালক রাকেশ আপাতত বিশেষ তদন্তকারী দলের হেফাজতে রয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর রাকেশকে গ্রেফতার করা হয়। রায় ঘোষণার দিন সে রাম রহিম ও হানিপ্রীতকে নিয়ে পাঁচকুলা গিয়েছিল। এছাড়া ২৬ অগাস্ট হানিপ্রীতকে শুধু রোহতক থেকে সিরসা নিয়ে গিয়েছিল।
আগেই উঠে এসেছিল, রায় ঘোষণার আগে সিরসায় ডেরা হেড কোয়ার্টারে হিংসার ছক কষা হয়। সেইমতো পাঁচকুলায় কোটি টাকার উপরে বিলি করেছিল হানিপ্রীত। এমনটাই মনে করছে পুলিশ।












Click it and Unblock the Notifications