উপত্যকায় যুযুধান দুই জঙ্গি গোষ্ঠী, আলকায়দা কমান্ডারকে পিটিয়ে মারার আহ্বান হিজবুলের
কাশ্মীরের আল-কায়দা কমান্ডার জাকির মুসাকে বিশ্বাসঘাতক বলে পোস্টার দিল হিজবুল মুজদাহিদিন, তাকে ভারতীয় এজেন্ট বলে পিটিয়ে মারারও আহ্বান করা হয়েছে হিজবুলের পোস্টারে।
উপত্যকায় এবার হিজবুল বনাম আল-কায়দা দ্বন্দ্ব শুরু হল। কাশ্মীরের আল-কায়দা কমান্ডার জাকির মুসাকে বিশ্বাসঘাতক বলে পোস্টার দিল হিজবুল মুজদাহিদিন। প্রাক্তন হিজবুল জাকির মুসা উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়েছে বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে। এমনকী তাকে ভারতীয় এজেন্ট বলে পিটিয়ে মারারও আহ্বান করা হয়েছে হিজবুলের পোস্টারে।

উর্দুতে লেখা এই পোস্টারে আল-কায়দা কমান্ডার জাকির মুসার ছবিও দেওয়া হয়েছে। গোটা শোপিয়ানজুড়ে থাকা পোস্টারে বলা হয়েছে, প্রাক্তন এই হিজবুল জঙ্গি ভারতের কাছ থেকে বিপুল টাকা নিয়ে নিরীহ মানুষকে মরতে দিয়েছে। ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীরে একাধিক সংগঠন তৈরি করেছে সে। সেই সংগঠনগুলিই নিরীহ মানুষকে নির্বিচারে মারছে। এমনকী হুরিয়তকেও সে ভুল প্রমানিত করতে উঠে পড়ে লেগেছে। তাই জাকির মুসাকে যেখানেই দেখা যাবে সেখানেই তাকে পিটিয়ে খুন করা হোক।
চলতি বছর মে মাসেই হিজবুল মুজাহিদিন ছেড়ে আল-কায়দায় যোগ দেয় মুসা। হুরিয়ত নেতাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার কথা বলায় হিজবুল তার সমালোচনা করার পরই দল ছাড়ে মুসা। এরপরই জুলাই মাসে আল-কায়দার পক্ষ থেকে তাকে কাশ্মীরের কমান্ডার ঘোষণা করা হয়।












Click it and Unblock the Notifications