সলমন খান না হলে গাড়িটা চালাচ্ছিলেন কে? প্রশ্নটা রয়েই গেল
মুম্বই, ১০ ডিসেম্বর : গাড়ি চাপা দিয়ে পালানোর ঘটনায় এদিন বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট বেকসুর খালাস করেছে বলিউড সুপারস্টার সলমন খানকে। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ঘটনার দিন রাতে সলমন খান গাড়ি চালাচ্ছিলেন এমন কোনওকিছুর উপযুক্ত প্রমাণ পুলিশ আদালতে পেশ করতে পারেনি।
এমনকী সলমন খান যে মদ্যপ ছিলেন সেবিষয়েও যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বস্তুত, অভিযোগের পক্ষে কড়া কোনও প্রমাণই হাজির করতে পারেনি পুলিশ। ফলে দীর্ঘ ১৩ বছর পরে সলমন খানকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে উচ্চ আদালত।

ঘটনার দিন রাতে বান্দ্রার হিল রোডে সলমন খানের ল্যান্ড ক্রুজার গাড়ি ফুটপাথে থাকা একজনকে চাপা দিয়ে মেরে ফেলে, আহত হন চার জন। সেই ঘটনার সত্যাসত্য উঠে এসেছে। একজন মানুষ প্রাণ হারিয়েছেন সেটাও স্পষ্ট হয়েছে। তবে কে গাড়ি চালাচ্ছিলেন সেটা এখনও স্পষ্ট হল না।
সলমন তাঁর বয়ানে আগেই জানিয়েছিলেন তিনি ঘটনার দিন রাতে গাড়ি চালাচ্ছিলেন না। অথচ ঘটনায় সময় উপস্থিত পুলিশ কনস্টেবল রবীন্দ্র পাতিল অভিযোগপত্রে জানিয়েছিলেন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সলমনই।
পরে আদালতে সলমনের গাড়ির চালক অশোক সিং দাবি করেন, ঘটনার দিন সলমন নন, গাড়ি চালাচ্ছিলেন তিনিই। তবে মুম্বইয়ের আদালত সেই দাবি খারিজ করে সলমনকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।
অথচ এদিন বম্বে হাইকোর্ট নিজের রায়ে জানিয়েছে, ঘটনায় দিন সলমন মদ্যপ তো ছিলেনই না, গাড়ির স্টিয়ারিংও তাঁর হাতে ছিল না। ফলে প্রশ্নটা থেকেই গেল, তাহলে নিরীহ ফুটপাথবাসীর প্রাণ নিল কে?












Click it and Unblock the Notifications