'লাভ জিহাদ' কভার গার্ল করিনা, সমস্যা থাকলে অভিনেত্রীকে আদালতে যাওয়ার পরামর্শ বিশ্ব হিন্দু পরিষদের
নয়াদিল্লি, ৮ জানুয়ারি : বলিউড অভিনেত্রী করিনা কাপুর কী ভেবেছিলেন একদিন বিশ্ব হিন্দু পরিষদের মহিলা পত্রিকা 'হিমালয়া বাহিনী'-র কভার ফটোতে থাকবে তাঁরই ছবি? তাও আবার কী কারণে? পত্রিকার সংখ্যাটি হল 'লাভ জিহাদ'-এর উপর, যা হিন্দুত্ববাদীদের প্রচার শিবির যার মাধ্যমে মুসলিম ছেলদের প্রেমে পড়ে যে হিন্দুমহিলারা মুসলিমকে বিয়ে করেছে, তাদের "ঘর ওয়াপসি" বা ফের ধর্মান্তরের প্রচার চালানো হচ্ছে।
হিমালয় বাহিনীর রজনী ঠুকরাল জানিয়েছেন, "করিনা কাপুর একজন তারকা। সইফ আলি খান অর্থাৎ একজন মুসলিমকে বিয়ে করেছেন তিনি। যুবক-যুবতীরা তারকাদের অনুসরণের চেষ্টা করে। তারা ভাবে যদি উনি করতে পারেন তাহলে আমরা পারব না কেন? সেই কারণেই করিনার ছবি ব্যবহার করা হয়েছে।"

যে ছবিটি নিয়ে বিতর্ক সেটি আসলে করিনার একটি ছবি নিয়ে কাটা ছেড়া করার ফল। ছবিটিতে করিনার মুখের অর্ধেক অংশ কালো রংয়ে ঢাকা শুধু চোখের জায়গাটা খোলা। যা দেখে আপাতভাবে মনে হচ্ছে করিনাকে বোরখা পরে দেখানোর চেষ্টা করা হয়েছে। মুখের অন্য অংশে সিঁথিতে সিঁদুর, লাল বড় টিপ।
পত্রিকার দাবি, এই সংখ্যায় সেই সব হিন্দু মহিলা যাঁরা মুসলিম পুরুষদের সঙ্গে বিয়ে করেছেন তাদের পুনরায় ধর্মান্তর করা হোক। এবং সেই সব মহিলাদের এই প্রচার শিবিরে যোগ দেওয়া উচিত।
তবে, অতীতে লাভ জিহাদ প্রসঙ্গে নিজের মতামত স্পষ্ট করে জানিয়েছিলেন করিনা। তিনি বলেছিলেন, "ভালবাসা একটা অনুভূতি, একটা আবেগ। আর তাই আমি লাভ জিহাদে বিশ্বাস করি না।" আর এর থেকেই পরিষ্কার যে লাভ জিহাদ প্রচারে করিনার মুখ ব্যবহার করাটা খুব একটা ঠিক সিদ্ধান্ত নয়।
এপ্রসঙ্গে অবশ্য বিশ্ব হিন্দু পরিষদের প্রকাশ শর্মা বলেন, যদি অভিনেত্রী করিনা কাপুরের এ নিয়ে কোনও সমস্যা থাকে তাহলে আদালতের দরজা তার জন্য সবসময় খোলা রয়েছে।












Click it and Unblock the Notifications