পড়ুয়াদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভিডিও, গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার হিন্দুস্তানি ভাউ
পড়ুয়াদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভিডিও, গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার হিন্দুস্তানি ভাউ
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার 'হিন্দুস্তানি ভাউ’ ওরফে বিকাশ ফাটককে পড়ুয়াদের উস্কানি দেওয়ার জন্য গ্রেফতার করল মুম্বইয়ের ধারাভি পুলিশ। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অফলাইনের বদলে অনলাইনে করতে হবে, দাবি করেছে পড়ুয়াদের একাংশ। এবার এই দাবিকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মহারাষ্ট্র্রের শিক্ষামন্ত্রী বর্ষা গাইকোয়াডের বাড়ির সামনে একত্রিত হয়ে বিক্ষোভ দেখানোর জন্য ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে হিন্দুস্তানি ভাউয়ের বিরুদ্ধে।

বিকাশ ফাটকের সহ অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 'হিন্দুস্তানি ভাউ’ ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে তিনি পড়ুয়াদের উস্কানি দিচ্ছেন। হিন্দুস্তানি ভাউয়ের বিরুদ্ধে হিংসা, মহারাষ্ট্র পুলিশ আইন, দুর্যোগ পরিচলনা আইন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ধারাভি পুলিশ ইকরার খান নামে একজনকে গ্রেফতার করেছে।
সোমবার দুপুরে শতাধিক পড়ুয়া অশোক মিল নাকা চত্ত্বরে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শিক্ষামন্ত্রী বাসভবনের বাইরে এই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পড়ুয়াদের দাবি দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনলাইনে করতে হবে। কোভিড–১৯ নিষেধাজ্ঞার কারণে তাঁরা অনলাইনেই স্কুলে ক্লাস করেছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন যে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত হওয়ার পেছনে ইন্ধন রয়েছে হিন্দুস্তানি ভাউ সহ অন্যান্যদের। প্রাথমিক তদন্তে এঠা উঠে এসেছে যে ইউটিউবার হিন্দুস্তানি ভাউ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে পড়ুয়াদের এই বিক্ষোভে সামিল হওয়ার জন্য আবেদন করেন।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন বিকাশ ফাটকা। যেখানে তিনি বলেছেন, 'গত দুই বছরে করোনা অনেক মানুষের প্রাণ কেড়েছে। এই ধাক্কা সামলাচ্ছেন সাধারণ মানুষ। নতুন নাটক ওমিক্রন শুরু হয়েছে। তার মধ্যে এ কেমন সিদ্ধান্ত? সরকার সাধারণ মানুষকে বাড়ির মধ্যে থাকতে বলছে। সেক্ষেত্রে অফলাইনে পরীক্ষা কেন? পরীক্ষা বাতিল কর। পড়ুয়াদের জীবন নিয়ে খেলবেন না, তা না হলে আবার আন্দোলন হবে’। এই ভিডিওতেই বিতর্কিত মন্তব্য করেন তিনি। এই ভিডিওতে ২.৭৭ লাখ ভিউস হয়েছে। ২৪ জানুয়ারি ভিডিওটি আপলোড করা হয়।
এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জোন ৫–এর ডিসিপি প্রণয় অশোক বলেন, 'পড়ুয়াদের উস্কানি দেওয়ার পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা হবে।’ অন্য এক পুলিশের কর্মকর্তা জানিয়েছেন যে হিন্দুস্তানি ভাউ ধারাভি পুলিশের কাছে গিয়ে শিক্ষামন্ত্রী বাড়িতে যেতে পড়ুয়াদের বাধা না দেওয়ার অনুরোধ করেন পুলিশকে।












Click it and Unblock the Notifications