হিমাচল প্রদেশ নির্বাচন ২০২২: বিদ্রোহ দমনে কড়া ব্যবস্থা বিজেপির! শীর্ষ নেতা-সহ একের পর এক পদাধিকারী সাসপেন্ড
একদিকে ১৯৮৫ সাল থেকে চলে আসা প্রথা, অন্যদিকে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া, তার মধ্যে বেশ কয়েকজন পুরনো বিধায়ককে সরিয়ে বিজেপি হিমাচল প্রদেশে প্রার্থী তালিকা ঘোষণা করে। তারপরেই দলের অভ্যন্তরে বিদ্রোহ দেখা দেয়। বেশ কয়েকট
একদিকে ১৯৮৫ সাল থেকে চলে আসা প্রথা, অন্যদিকে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া, তার মধ্যে বেশ কয়েকজন পুরনো বিধায়ককে সরিয়ে বিজেপি হিমাচল প্রদেশে প্রার্থী তালিকা ঘোষণা করে। তারপরেই দলের অভ্যন্তরে বিদ্রোহ দেখা দেয়। বেশ কয়েকটি আসনে বিজেপি নেতারা নির্দল হিসেবে দাঁড়িয়ে পড়েন। পরিস্থিতি পর্যালোচনায় সিমলায় যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কথা বলেন সেখানকার বিজেপি নেতাদের সঙ্গে। কিন্তু তারপরেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবার বিদ্রোহ দমনে ৫ বিজেপি নেতাকে সাসপেন্ড করল বিজেপি। সেই তালিকায় রাজ্যের সহ সভাপতিও রয়েছেন।

যেসব নেতাকে সাসপেন্ড করা হয়েছে
বিধানসভা নির্বাচনে দলের টিকিট না পেয়ে যেসব নেতা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সাসপেনশনের আওতায় এসেছেন, তাঁরা হলেন, কিন্নরের প্রাক্তন বিধায়র তেজবন্ত সিং নেগি, আন্নির কিশোরী লাল, ইন্দোরার মনোহর ধীমান, নালাগড়ের কেএল ঠাকুর এবং হিমাচল প্রদেশ বিজেপির সহ সভাপতি কৃপাল পারমার। ফতেপুর আসন থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করথেন কৃপাল পারমার।

বিজেপির বিবৃতি
রাজ্য বিজেপির তরফে সভাপতি সুরেশ কাশ্যপ জানিয়েছেন, দলের সরকারি প্রার্থীদের বিরুদ্ধে নির্দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাঁচ নেতাকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত দলের টিকিট না পেয়ে প্রভাবশালী বিজেপি নেতারা একডজনের বেশি আসনে দলের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে রাজ্যের শাসক বিজেপি।

অস্বস্তি কমাতে ছুটে গিয়েছিলেন নাড্ডা
দুদফায় বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করে। কোনও তালিকাতেও নাম নেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের। তিনি সামনে কিছু না বললেও, বহু নেতাই নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। যার জেরে অস্বস্তিতে পড়ে বিজেপি। দিল্লি থেকে সিমলায় গিয়ে বেশ কয়েকদিন সেখানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে তাতে ফল যে হয়নি তা নয়। কুলুর বিজেপি নেতা মহেশ্বর সিং সিমলায় এসে জেপি নাড্ডার সঙ্গে দেখা করে মনোনয়ন প্রত্যাহার করে নেন।

বাজেয়াপ্ত টাকা-মদ-গয়না
ভোটের দিন ঘোষণার পর থেকে হিমাচল প্রদেশে চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। তারপর থেকে পুলিশ ও আফগারি দফতর এখনও পর্যন্ত ১৮ কোটি টাকার মদ, নগদ টাকা এবং গয়না বাজেয়াপ্ত করেছে। সোমবার রাজ্যের এক আধিকারিক বলেছেন, ২৪ ঘন্টায় সেখানে উদ্ধার হওয়া নগদের পরিমাণ প্রায় ৩২ লক্ষ টাকা। এছাড়াও প্রায় ২ হাজার লিটারের মতো মদও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও প্রায় ৯ লক্ষ টাকার চরস এবং হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications