Delhi Weather: গত ৩৬ বছরে দিল্লিতে শীতলতম মে মাস! বাংলা-বিহারে তাপপ্রবাহের সতর্কতা
Delhi Weather: মে মাসে বিহার কিংবা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তাপপ্রবাহ থাকলেও, দিল্লিতে ছিল অন্য পরিস্থিতি। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩৬ বছরে দিল্লিতে মে মাস ছিল শীতলতম। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গড় তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯৮৭ সালের মে মাসে দিল্লির গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর এই বছরের মে মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৮৭ সালের পরে সর্বনিম্ন।

তবে মে মাসে দিল্লিতে তাপপ্রবাহ ছিল না এমনটা নয়। এবছরের মে মাসে নয় দিনের জন্য সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এর মধ্যে দুদিন রাজধানীতে ছিল তাপপ্রবাহ। অন্যদিকে ২০০৮-এ ১৬৫ মিমি, ২০২১-এ ১৪৪.৮ মিমি, ২০০২ সালে ১২৯.৩ মিমি বৃষ্টিপাতের পর এবারের মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতে বজ্রপাত-সহ বৃষ্টি এবং বিহার-পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে দিল্লি ও বেঙ্গালুরুতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৪ জুন পর্যন্ত কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারণে বেঙ্গালুরু-সহ আট জেলায় হলুদ সতর্কতা জারি।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যে দিল্লি-সহ উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত করতে চলেছে। যে কারণে উত্তর ভারতের সমতলভূমিতে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর ৪ জুন পর্যন্ত বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও বেঙ্গালুরু-সহ আট জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে আগামী ৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আগামী ১১ জুন মুম্বইয়ে বর্ষা আসার সম্ভাবনা। তাহলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে স্বস্তি পেতে পারেন শহরবাসী। আগামী সপ্তাহে সেখানে প্রাক-বর্ষার বৃষ্টি হতে পারে।

বেশি তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত কারণে এদিন কোঙ্কন, গোয়া, গুজরাতেও অস্বস্তির আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
আবহাওয়া দফতরের তরফে পূর্ব ভারতের বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ৪ জুন পর্যন্ত বিহারের বিভিন্ন জায়গায় এবং ২ জুন পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications