পাঠানকোট, গুরুদাসপুরে ফের জারি হাই অ্যালার্ট, চলছে তল্লাশি
গুরুদাসপুর, ৭ জানুয়ারি : দুজন সন্দেহভাজনকে সেনা পোশাকে এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। গ্রামবাসীদের এই অভিযোগ পেয়েই ফের তল্লাশি শুরু হয়েছে পাঠানকোটের মিলিটারি ক্যান্টনমেন্ট এলাকায়। একইসঙ্গে গুরুদাসপুরেও খানা-তল্লাশি চলছে। [পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও ধরনের সন্দেহজনক কিছু নজরে না পড়লেও নিরাপত্তা এজেন্সিগুলি কোনও ঝুঁকি নিতে চাইছে না। ফলে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি জারি রয়েছে।

তিবরি ক্যান্টনমেন্টের পশ্চিমদিকের এলাকা সেনা ঘিরে রেখেছে। এখানে কড়া চেকিং চলছে। গাড়ি-বাইক এমনকী পথচলতি মানুষদেরও থামিয়ে চেকিং চলছে। এমনটাই জানিয়েছেন গুরুদাসপুরের সিনিয়র এসপি গুরপ্রীত সিং তুর।
অন্যদিকে গুরুদাসপুর ও পাঠানকোটের সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। কোনওরকম ঝুঁকি না নিতেই এমন নিরাপত্তার বজ্রআঁটুনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার সতনাম সিং নামে এক গ্রামবাসী দাবি করেন, দুই সন্দেহভাজনকে সেনা পোশাকে তিনি গ্রামে ঘুরতে দেখেছেন। এটা শুনেই এলাকায় হাই অ্যালার্ট জারি করে ফের তল্লাশি শুরু করেছে সেনা।












Click it and Unblock the Notifications