সারা দেশেই খেল দেখাচ্ছে বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - কোন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? একনজরে আপডেট
আবহাওয়া দফতর দেশের প্রায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী কয়েকদিন এলাকা বিশেষে হালকা থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
দিল্লির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

শনিবার দিল্লিতে একটি হলুদ সতর্কতা জারি হয়েছে। সেখানে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৭ অগাস্ট পর্যন্ত মেঘলা ও বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে।
মুম্বইয়ে শুক্রবার মাঝারি বৃষ্টির সঙ্গে সাধারণত মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। মুম্বইয়ের জন্য নতুন কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে মহারাষ্ট্রের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা থাকলেও আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে। ২৬ আগস্ট পর্যন্ত মেঘলা আকাশ সহ মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই লাগাতার বৃষ্টিপাতের কারণে মুম্বই সাবার্বান, ঠানে, পালঘর, রায়গড়, রত্নগিরি, পুনে, সাতারা, সাংলি এবং নান্দেদ সহ অনেকগুলি জেলা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশের পশ্চিম অংশে, কোঙ্কন, গোয়া এবং গুজরাতে আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেরল, কর্নাটক, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী রবিবারের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, বিদর্ভ, পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
ওদিকে উত্তর-পূর্ব ভারতে, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications