Tamil Nadu Rain: অতিভারী বর্ষণের কমলা সতর্কতা জারি, চেন্নাইয়ে বন্ধ স্কুল, বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু
সাগরে ফুঁসছে নিম্নচাপ। গতকাল রাত থেকেই তামিলনাড়ুতে শুরু হয়েছে প্রবল বর্ষণ। চেন্নাইয়ে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবারয এছাড়াও তিন জেলায় বন্ধ স্কুল কলেজ। তিন জেলার কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন।
গতকাল রাত থেকেই তামিলনাড়ুতে শুরু হয়েছে বর্ষণ। আগেই আবহাওয়া দফতর নিম্নচাপের জন্য অতিবৃষ্টির সতর্কতা জারি করেছিল। রাজ্য সরকারের তরফেও সেই মতো প্রস্তুতি নেওয়া হয়েছিল। চেন্নাই শহর জুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছে। চেন্নাইয়ের একাধিক জায়গায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া চেন্নাইয়ের বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। নীচু এলাকা থেকে জল নামানোর জন্য পাম্প এবং মোটোরবোট তৈরি রাখা হয়েছে।
চেন্নাই ছাড়াও তিরুভেল্লুর, কাঞ্চিপূরম, চেঙ্গালপাট্টু জেলায় স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের সব দফতরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন।
আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ুতে এই ভারী বর্ষণ চলবে বলে জানানো হয়েছে। IMD-র পক্ষ থেকে আগামী ৩ দিন তামিলনাড়ুতে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ু ছাড়াও পণ্ডিচেরী, কারাইকালে ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে ভারী থেকে অতিভারী বর্ষণ। তারমধ্যে সবচেয়ে ভারী বর্ষণ হবে ১৪ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। আইএমডির পক্ষ থেকে আগামী তিনদিন ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই জল জমতে শুরু করে দিয়েছে চেন্নাইয়ের নীচু এলাকাগুলিতে। গতকাল রাত থেকেই বর্ষণের তীব্রতা বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তীব্রতা আরও বাড়বে বলে জানানো হয়েছে। সেকারণে আগে থেকেই নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে তামিলনাড়ু সরকার। উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন আধিকারীকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
দেশের বেশিরভাগ অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। ফিরতি পথে দক্ষিণভারতে বর্ষণ ঘটায় মৌসুমী বায়ু। সেকারণেই এই বর্ষণ তার সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। তার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে সরকার।












Click it and Unblock the Notifications