তীব্র গরমে হিট স্ট্রোক! অমিত শাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মৃত ১১ জন
উপলক্ষ্য ছিল মহারাষ্ট্র ভূষণ সম্মান প্রদান অনুষ্ঠান। মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ-সহ বিশিষ্টরা। সেখানেই তীব্র গরমে ১১ জনের মৃত্যু। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে।
অনুষ্ঠান শেষের পরেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যেখানে কমপক্ষে ৫০ জনকে ভর্তি করানো হয়েছে তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে। অভিযোগ উঠেছে নবী মুম্বইয়ের খারঘরে খোলা মাঠে চাঁদি ফাটা রোদে বসে থেকেই মৃত্যু হয়েছে এই এগারো জনের। প্রসঙ্গত খারিঘরে রবিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

সমাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারিককে মহারাষ্ট্র সরকার পুরস্কার প্রদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত দিয়ে। নবি মুম্বইয়ে হওয়া সেই অনুষ্ঠানে খোলা মাঠে কয়েকলক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানটি চলে সকাল ১১.৩০ থেকে বেলা ১ টা পর্যন্ত।
খোলা মাঠে লোক ভর্তি। দর্শকদের সুবিধার জন্য জায়ান্ট টিভি স্ক্রিন থাকলেও সেখানে বসার জায়গার ওপরে কোনও শেড ছিল না। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রবিবারের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে মৃতদের পরিবারবর্গকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
হাসপাতাল পরিদর্শনের পরে মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন ৭ থেকে ৮ জনের মৃত্যু হয়েছে। সেই হাসপাতালে ২৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথমে হাসপাতালে ৫০ জনকে ভর্তি করানো হয়েছিল।
২৪ জনকে বাদ দিয়ে প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি সানস্ট্রোক সংক্রান্ত বলেও জানিয়েছেন তিনি। হাসপাতালে ভর্তি সবাইকেই পর্যাপ্ত চিকিৎসার বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উপমুখ্যমন্ত্রী ফড়নবিশ জানিয়েছেন, যাঁরা তাপজনিত অসুস্থতায় ভুগছেন, সরকার তাদের চিকিৎসার জন্য অর্থ দেবে। রবিবারের ঘটনাতে তিনিও দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মহারাষ্ট্র ভূষণ পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকের কারণে।
হিট স্ট্রোকে মৃত্যুর খবর পাওয়ার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ছেলে আদিত্য ঠাকরে , এনসিপি নেতা অজিত পাওয়ার এমজিএম কামোঠে হাসপাতালে ছুটে যান। সেখানে ভর্তি অসুস্থদের শারীরিক অবস্থান খোঁজখবর করেন তাঁরা।
এদিকে দেশের বিভিন্ন অংশের মতো মহারাষ্ট্রেও তাপপ্রবাহের বার্তা দেওয়া হয়েছে। তবে সময়ের সঙ্গে তা কমবে এবং বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications