ক্রমশ বাড়ছে গর্ভাবস্থায় হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা! বিদেশের মাটিতে ভারতীয়র 'অভিনব' কাজ
ক্রমশ বাড়ছে গর্ভাবস্থায় হার্ট অ্যাটাক। অথচ সঠিক পরিসংখ্যান নেই। আগাম বিপদ নির্ণয় করার কোনও রূপরেখাও নেই।
ক্রমশ বাড়ছে গর্ভাবস্থায় হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা। অথচ সঠিক পরিসংখ্যান নেই। আগাম বিপদ নির্ণয় করার কোনও রূপরেখাও নেই। আর বিপদ চিহ্নিত হলেও ওই সংবেদনশীল অবস্থায় কীভাবে মা ও গর্ভস্থ ভ্রূণকে বাঁচানো যায় তা অনেকেরই জানা নেই। আশঙ্কা তৈরি হচ্ছে দুটি প্রাণ নিয়েই। ফলে উদ্বেগ তৈরি হয়েছে প্রসূতি বিষয়ত চিকিৎসকদের মধ্যে।

বিদেশে গবেষণায় ভারতীয়
গর্ভাবস্থায় আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। বিশেষত উন্নত ও উন্নয়নশীল দেশে। সমাধান সূত্রের খোঁজে গবেষণায় নেমেছেন দেশ বিদেশের হাতে গোনা কিছু চিকিৎসক। যাঁদের মধ্যে অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ মোহন মল্লিকার্জুনা রাও এডুপুগান্টি।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটি ভেটেরান্স হসপিট্যালে হৃদরোগ বিভাগে কর্মরত। এছাড়াও তিনি সম্মানজনক আমেরিক্যান কলেজ অফ কার্ডিওলজির সহ আরো একাধিক হৃদরোগ চিকিৎসক সংগঠনের ফেলো। তিনি এই সংবেদনশীল বিষয়ে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ভারতেও চিকিৎসক সমাজকে সচেতন করতে সক্রিয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মত
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বর্তমানে মহিলারা পেশার তাগিদে দেরিতে ও বেশি বয়সে মাতৃত্বের দিকে যাচ্ছেন। এ ছাড়া কায়িক শ্রম কমেছে। বসে থেকে কাজের প্রবণতা বেড়েছে। অনেকেই বয়স ও উচ্চতা অনুপাতে বেশি মোটা। কেউ কেউ নিয়মিত ধূমপায়ী। দক্ষিণ ভারতে এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে প্রতি এক লাখ প্রসূতির মধ্যে ৪০০০ মহিলার এইরকম হৃদরোগ আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।

কলকাতার হৃদরোগ বিশেষজ্ঞের মত
কলকাতার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানাচ্ছেন, 'এই মহিলারা গর্ভবতী হলে ঝুঁকি বেশি থাকে। ফলে বাড়তি সতর্ক থাকা জরুরি। শহরাঞ্চলে এইরকম দেরিতে এবং বেশি বয়সে মা হতে চাওয়ার প্রবণতা বাড়ছে।' এ নিয়ে একমত মোহনের আরো বক্তব্য, ' সঠিক সময় চিহ্নিত করলে মা এবং গর্ভস্থ সন্তান বাঁচানো সম্ভব।'

অভিনব কাজ মনিপালের কস্তুরি মেডিক্যাল কলেজের প্রাক্তনীর
মোহন মল্লিকার্জুন রাও দাবি করেছেন, গবেষণায় একটি বিশেষ অ্যালগোরিদম তৈরি করেছেন। যার সাহায্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকা প্রসূতিদের কীভাবে চিকিৎসা করে মা ও সন্তান বাঁচানো যায়। এমনকি ওই প্রসূতিদের অ্যাঞ্জিওপ্লাস্টি করে বাঁচানোর কৌশল রপ্ত করেছেন। মোহনের গবেষণা ভারতের কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সম্পাদিত ইন্ডিয়ান হার্ট জার্নাল সম্প্রতি প্রকাশিতও হয়েছে।
সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এ দেশের প্রসূতি চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে গর্ভাবস্থায় হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ার সঙ্গে এ নিয়ে সচেতনতা বাড়ানোও অত্যন্ত জরুরি।












Click it and Unblock the Notifications