'প্রমাণ রয়েছে', লোকপালে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ করে এবার তদন্ত দাবি করলেন নিশিকান্ত দুবে
বিতর্ক সেই যে তাড়া করেছে মহুয়া মৈত্রকে, তা যেন পিছু ছাড়ারই নাম নেই। একটার পর একটা বিতর্কে ক্রমেই জড়িয়ে পড়ছেন তিনি। দল তৃণমূল এই বিষয়ে সাংসদের পাশে থাকবে না বলে ঘুরিয়ে প্রায় জানিয়েই দিয়েছে। এই অবস্থায় এদিন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দুর্নীতিদমন ওয়াচডগ লোকপালকে চিঠি দিলে স্পষ্ট অভিযোগ করলেন মহুয়া মৈত্রর বিরুদ্ধে। একইসঙ্গে তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্তেরও দাবি জানিয়েছেন।
দুবে নিজেই জানিয়েছেন, লোকপালে অভিযোগ দায়ের করেছেন তিনি। সিবিআইয়ের মাধ্যমে সাংসদ ও মন্ত্রীদের দুর্নীতির তদন্ত করে লোকপাল। তাঁর স্পষ্ট অভিযোগ, মহুয়া ঘুষ নিয়েছেন। এই সংক্রান্ত তথ্য নাকি তাঁর কাছে রয়েছে।

মহুয়া মৈত্রর বিরুদ্ধে যাতে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই বিষয়ে ইতিমধ্যে নিশিকান্ত লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আবেদন জানিয়েছেন। এমনকী সংসদ থেকে মহুয়া মৈত্রকে সাসপেন্ড করার দাবিও তিনি করেছেন।
অধ্যক্ষকে দেওয়া অভিযোগপত্রতে দুবের দাবি, সাম্প্রতিক সময়ে ৬১টি প্রশ্নের মধ্যে ৫০টি প্রশ্ন মহুয়া আদানিদের লক্ষ্য করে করেছেন। এই ঘটনার পিছনে স্পষ্টভাবেই অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে বলে দুবে দাবি করেছেন। মূল দাবি, হিরানন্দানির থেকে নগদ পেয়েছেন মহুয়া প্রশ্ন করার জন্য। ভারতীয় ও বিদেশি মুদ্রায় সেই ঘুষ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূলের কাছে মহুয়া মৈত্র বিতর্ক শাঁখের করাতের মতো অবস্থা। পাশে থাকলেও বিতর্ক, না পাশে থাকলেও সমালোচনা শুনতে হচ্ছে। বিজেপি দুভাবেই নিশানা করছে তৃণমূলকে। পাশে না দাঁড়ানোর প্রশ্নে বিজেপির ব্যঙ্গ, তৃণমূল বুঝে গেছে মহুয়ার পাশে দাঁড়াতে গেলে মুখ পুড়বে। আবার উল্টোদিকেও বিজেপির ব্যঙ্গ, হাইকম্যান্ড ছাড়া তৃণমূল আর কারও পাশে দাঁড়ায় না।












Click it and Unblock the Notifications