হিন্দুত্বকে টিকিয়ে রাখতে ৫ সন্তানের নিদান! মোদীর দলের বিধায়কের মন্তব্য বিতর্ক
ফের বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের। যোগী রাজ্যের বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং-এর মন্তব্য, প্রত্যেক হিন্দু দম্পতির ৫ টি করে সন্তান থাকা উচিত।
ফের বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের। যোগী রাজ্যের বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং-এর মন্তব্য, প্রত্যেক হিন্দু দম্পতির ৫ টি করে সন্তান থাকা উচিত। হিন্দু দম্পতির কমপক্ষে ৫ টি করে সন্তান থাকলে তা হিন্দুত্বকে বজায় রাখতে সাহায্য করবে বলেও মন্তব্য করেছেন এই বিজেপি বিধায়ক।

সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, হিন্দু দম্পতিদের ৫ টি করে সন্তান হলে তা দেশে হিন্দু জনসংখ্যা বাড়াতে সাহায্য করবে।
মন্তব্য করতে গিয়ে এই বালিয়ার বিজেপি বিধায়ক মহন্তদেরও টেনে আনেন। তিনি বলেন, প্রত্যেক আধ্যাত্মিক নেতার ইচ্ছা প্রত্যেক দম্পতির অন্তত ৫ টি করে সন্তান হোক। এই পদ্ধতিতে দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা যাবে বলেও মন্তব্য করেন। আর হিন্দুত্বকেও বজায় রাখা সম্ভব হবে।
যদিও জনসংখ্যাকে বাড়িয়ে তা কীভাবে নিয়ন্ত্রণ সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এর আগেও যোগী রাজ্যে এই বিধায়ক মন্তব্যের জেরে বিতর্ক তৈরি করেছিলেন।
এমাসের শুরুর দিকে, বালিয়ার এই বিজেপি বিধায়ক বলেছিলেন, ভগবান রাম পর্যন্ত ধর্ষণে নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়েছিলেন।
উত্তর প্রদেশে যৌন নিগ্রহের ঘটনা বাড়তে থাকা নিয়ে প্রশ্নের উত্তরে ধর্ষণকে প্রাকৃতিক দূষণ বলে বর্ণনা করেছিলেন বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। সাধারণ মানুষেরই উচিত অন্যদেরকে নিজের পরিবার বলে মনে করা, নিজের বোনের মতো মনে করা। মন্তব্য করেছিলেন তিনি। সংবিধান দিয়ে এই ধরনের ঘটনা বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেছিলেন সুরেন্দ্র সিং।












Click it and Unblock the Notifications