Hathras Stampede: কেন পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু? ব্যবস্থাপনায় কোথায় ত্রুটি, কী বলছে সরকারি রিপোর্ট
Hathras Stampede: হাথরাসে ধর্মীয় সভায় পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় প্রাথমিক রিপোর্ট জেলাশাসকের কাছে জমা গিয়েছেন মহকুমা শাসক। তিনিই মঙ্গলবারের অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন। প্রাথমিক রিপোর্টে মহকুমা শাসক বলেছেন, নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার নিরাপত্তারক্ষীদের ধাক্কা এবং রাস্তার ঢাল পিচ্ছিল থাকার কারণে মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে।
সরকারি রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হয়, যখন রাস্তার ধারে অপেক্ষারত অনুগামীরা তাঁর গাড়ির পিছনে ছুটতে শুরু করেন। কারণ আগে থেকেই অনেকে জিটি রোডের পাশের ডিভাইডারগুলিতে দাঁড়িয়ে ছিলেন।

নিরাপত্তারক্ষীদের ধাক্কায় বিশৃঙ্খলা
সেই সময় ভোলে বাবার নিরাপত্তা কর্মীরা অনুগামীদের ধাক্কা দিতে শুরু করে। যে কারণে রাস্তার ধার থেকে কিছু লোক নিচে পড়ে যান। সেই সময় আতঙ্ক তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনুগামীদের মধ্যে আতঙ্কের জেরে বিশৃঙ্খলা তৈরি হয়।
মাটি সংগ্রহের চেষ্টা
ধর্মীয় সভায় যে প্যান্ডেল তৈরি করা হয়েছিল, সেখানে প্রায় দুইলক্ষ মানুষের জমায়েত হয়েছিল। বেলা সাড়ে বারোটা নাগাদ ভোলে বাবা এসে পৌঁছন এবং তারপরে অনুষ্ঠান চলে প্রায় একঘন্টা। দুপুর প্রায় ১.৪০ নাগাদ ভোলে বাবা প্যান্ডেল থেকে বেরিয়ে যান। সেই সময় অনুগামীরা বাবার দর্শনের জন্য পিছনে ছুটতে থাকেন। অনুগামীরা ভোলে বাবার পায়ের চারপাশ থেকে মাটি সংগ্রহের চেষ্টাও করেছিলেন।
ঢালের কারণে পিছলে যান
একদিকে ধর্মীয় সভায় আসা মানুষজন অনুষ্ঠানস্থলে সামনের খোলা মাঠের দিকে ছুটে যায়, অন্যদিকে মাঠের দিকে নামার সময় অনেকে ঢালের কারণে পিছলে পড়ে যান। যাঁরা পড়ে যান, তাঁরা আর উঠতে পারেননি। কারণ পিছন থেকে দলে দলে আসা মানুষজন তাঁদেরকে মারিয়ে চলে যান।
ভিড় ঠেকাতে ছিল না পর্যাপ্ত বন্দোবস্ত
মহকুমার শাসক যে অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন, তাতে প্রায় দুইলক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন। সেখানে ভিড় ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ধর্মীয় সভার জন্য নির্ধারিত জায়গায় ঢোকা ও বেরনোর জন্য একটি করে প্রবেশ ও প্রস্থান পথ ছিল।
এফআইআরে যাঁদের নাম
মঙ্গলবার গভীর রাতে সিকান্দ্রা রাউ থানায় দায়ের করা এফআইআরে মুখ্য সেবাদার দেবপ্রকাশ মধুকর এবং অন্য সংগঠকদের নাম করা হলেও ভোলে বাবার নাম রাখা হয়নি। নারায়ণ সাকার হরি ওপরফে ভোলে বাবাকে গ্রেফতার করা হবে কিনা, জানতে চাওয়া হলে, উত্তর প্রদেস পুলিশের প্রধান জানিয়েছেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
আয়োজকরা পুলিশকে জানিয়েছেন, তারা আশা করেছিলেন ৮০ হাজার লোকের জমায়েত হবে। কিন্তু তা দুইলক্ষে চলে যায়। তবে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, আয়োজকরা ইচ্ছাকৃতভাবে সভায় প্রত্যাশিত লোকের সংখ্যা কমিয়েছে।












Click it and Unblock the Notifications