Hathras Stampede: মঙ্গলবারের ট্র্যাজেডি নিয়ে প্রথম বিবৃতি! ঘটনার দায় নিয়ে বড় দাবি 'ভোলে বাবা'র
Hathras Stampede: একদিকে যখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরাসের ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করে মঙ্গলবারের পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, অন্যদিকে ট্র্যাজেডি নিয়ে তাঁর প্রথম বিবৃতি জারি করেছেন বাবা নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবা।
এক বিবৃতিতে তিনি মর্মান্তিক ঘটনার জন্য অসামাজিক কাজকর্মকে দায়ী করেছেন। পাশাপাশি তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা
প্রশাসনের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ভোলে বাবার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা অনুগামীদের ধাক্কা দিতেই বিশৃঙ্খলা তৈরি হয়। যার জেরে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। পদপিষ্ট হওয়ার প্রাথমিক রিপোর্ট মহকুমা শাসক জেলাশাসকের কাছে জমা দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, মহকুমা শাসক, যিনি ধর্মীয় সভার অনুমতি দিয়েছিলেন, তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন।
পায়ের চারপাশ থেকে মাটি সংগ্রহের চেষ্টা
ধর্মীয় সভায় যে প্যান্ডেল তৈরি করা হয়েছিল, সেখানে প্রায় দুইলক্ষ মানুষের জমায়েত হয়েছিল। বেলা সাড়ে বারোটা নাগাদ ভোলে বাবা এসে পৌঁছন এবং তারপরে অনুষ্ঠান চলে প্রায় একঘন্টা। দুপুর প্রায় ১.৪০ নাগাদ ভোলে বাবা প্যান্ডেল থেকে বেরিয়ে যান। সেই সময় অনুগামীরা বাবার দর্শনের জন্য পিছনে ছুটতে থাকেন। অনুগামীরা ভোলে বাবার পায়ের চারপাশ থেকে মাটি সংগ্রহের চেষ্টাও করেছিলেন।
দায়ী নিরাপত্তারক্ষীরা
সরকারি রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হয়, যখন রাস্তার ধারে অপেক্ষারত অনুগামীরা তাঁর গাড়ির পিছনে ছুটতে শুরু করেন। কারণ আগে থেকেই অনেকে জিটি রোডের পাশের ডিভাইডারগুলিতে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ভোলে বাবার নিরাপত্তা কর্মীরা অনুগামীদের ধাক্কা দিতে শুরু করে। যে কারণে রাস্তার ধার থেকে কিছু লোক নিচে পড়ে যান। সেই সময় আতঙ্ক তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
একদিকে ধর্মীয় সভায় আসা মানুষজন অনুষ্ঠানস্থলে সামনের খোলা মাঠের দিকে ছুটে যায়, অন্যদিকে মাঠের দিকে নামার সময় অনেকে ঢালের কারণে পিছলে পড়ে যান। যাঁরা পড়ে যান, তাঁরা আর উঠতে পারেননি। কারণ পিছন থেকে দলে দলে আসা মানুষজন তাঁদেরকে মারিয়ে চলে যান।
মঙ্গলবার গভীর রাতে সিকান্দ্রা রাউ থানায় দায়ের করা এফআইআরে মুখ্য সেবাদার দেবপ্রকাশ মধুকর এবং অন্য সংগঠকদের নাম করা হলেও ভোলে বাবার নাম রাখা হয়নি।












Click it and Unblock the Notifications