Haryana: শুধু হরিয়ানা নয়, ২০২৪ লোকসভা ভোটের আগে আরও ঘটবে এই সব ঘটনা, চাঞ্চল্যকর দাবি সত্যপাল মালিকের
হরিয়ানার নূহ-তে যে হিংসা ছড়িয়েছে সেটা পূর্ব পরিকল্পিত। এবং গোটা দেশে একাধিক জায়গায় এই ধরনের ঘটনা আরও বাড়বে এমনই দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি দাবি করেছেন ২০২৪-র লোকসভা ভোটের আগে এই ধরনের ঘটনা বাড়বে গোটা দেশে।
হরিয়ানার নূহ-তে হিংসার পর সেটা হঠাৎ করে চার-পাঁচ জায়গায় ছড়িয়ে পড়েছে। পুরোটাই পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে দাবি করেছেন সত্যপাল মালিক। এর সঙ্গে সুগভীর পরিকল্পনা জড়িয়ে রয়েছে। এবং ৮টি জায়গায় যেভাবে হিংসার ঘটনা ছড়িয়েছে সেটা দেখেই স্পষ্ট যে পরিকল্পনা করে সেটা করা হয়েছে।

তিনি আরও দাবি করেছেন যাঁরা এই চক্রান্ত করছেন তাঁরা ধরা না পড়লে গোটা দেশ মণিপুর হয়ে যাবে। তিনি দাবি করেছেন হরিয়ানার জাঠরা আর্য সমাজে বিশ্বাসী তাঁরা কট্টর ধার্মিক কোনও দিনই নন। যেখানে একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে সেখানকার মুসলিমরাও কট্টর পন্থী নন। সেকারণে হরিয়ানায় কখনও সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেনি। স্বাধীনতার পর এই প্রথম এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেল।
২০২৪-র লোকসভা ভোট যত এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা গোটা দেশে ঘটতে শুরু করবে। এমনই বার্তা দিয়েছেন সত্যপাল মালিক। মণিপুরের মতো ঘটনা দেশের একাধিক প্রান্তে ঘটতে শুরু করবে। এটা যদিও সম্পূর্ণভাবে জাতীয় সুরক্ষার বিষয়। পুলওয়ামা এবং বালাকোটে হামলাও একই ভাবে পরিকল্পনা করে করা হয়েছিল। সুপ্রিম কোর্টের কমিটি তদন্ত করছে। সেরকমই তদন্ত কমিটি গড়ে এর তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক।












Click it and Unblock the Notifications