জোর করে বা বিয়ের মাধ্যমে ধর্মান্তকরণ নয়, কঠোর আইন আনতে চলেছে হরিয়ানা সরকার
জোর করে বা বিয়ের মাধ্যমে ধর্মান্তকরণ নয়, কঠোর আইন আনতে চলেছে হরিয়ানা সরকার
হরিয়ানা সরকার ধর্মীয় ধর্মান্তকরণের বিরুদ্ধে বিল আনতে চলেছে। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন যে জোর করে, প্রলোভন দেখিয়ে অথবা বিয়ে করে নতুন ধর্ম গ্রহণ করার বিরুদ্ধে সরকার কড়া আইন আনতে চলেছে।

ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন
মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে রাজ্যে গো রক্ষার আইনকে আরও কঠোর করা হবে। নূহতে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী জানান, মুষ্টিমেয় কিছু মানুষের গো হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নূহতে ধর্মান্তকরণের অভিযোগও পাওয়া গিয়েছে। খট্টর জানান যে যখন একজনের পূর্ণ অধিকার রয়েছে যে কোনও ধর্ম গ্রহণ করার, তবে জোর করে, প্রলোভন দেখিয়ে বা অন্য কোনও উপায়ে ধর্মান্তকরণের ঘটনা বরদাস্ত করা যাবে না। খট্টর জানিয়েছেন, ধর্মের স্বাধীনতা বিলটি আনা হবে যেখানে ভুল উপস্থাপনা, বল প্রয়োগ, অযৌক্তিক প্রভাব, জবরদস্তি, প্ররোচনা, বিবাহ বা অন্য কোনও প্রতারণামূলক উপায় দ্বারা ধর্মান্তরের বিরুদ্ধে বিধান থাকবে।

জোর করে ধর্মান্তকরণ ও রাজ্যে গো হত্যা বরদাস্ত নয়
মুখ্যমন্ত্রী বলেন, ‘জোরপূর্বক ধর্মান্তরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' তিনি আরও বলেন, ‘যেসব অঞ্চলে সংখ্যালঘু রয়েছে সেখানে হিন্দুদের ধর্মীয় সম্পদ দেখাশোনা করার জন্য একটি বোর্ড গঠন করা হবে। সংশ্লিষ্ট এলাকার মানুষের চাহিদা অনুযায়ী এই কাজ করা হবে।' মুখ্যমন্ত্রী জানান, সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। খট্টর জানান যে গো হত্যার সঙ্গে যখন কিছু মানুষ যুক্ত হয় তখনই মাঝে মাঝে এই দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিভেদের সৃষ্টি হয়। তিনি বলেন, ‘রাজ্য সরকার এই জাতীয় ঘটনাগুলি রোধ করার জন্য ফার্স্ট ট্র্যাক আদালতে গো হত্যা মামলার আসামির বিরুদ্ধে বিচার করার সিদ্ধান্ত নিয়েছে।'

গো রক্ষা বিষয়ক দু’টি আইন সংশোধন করা হতে পারে
মুখ্যমন্ত্রী জানান যে হরিয়ানায় গো হত্যার ঘটনা রোধ করতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য এ জাতীয় সব মামলার শুনানি ফার্স্ট ট্র্যাক বিচার আদালতে অনুষ্ঠিত হবে। যদিও হরিয়ানায় গো রক্ষার জন্য কড়া আইন রয়েছে। তিনি বলেন, ‘সম্প্রতি ২,৫৫০টি গরু একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়, এখানে এই পশুদের লুকিয়ে রাখা হয়েছিল। প্রয়োজনে গরুদের সুরক্ষার জন্য হরিয়ানা গো সংরক্ষণ ও গো সম্ববর্ধন আইন ২০১৫, সংশোধন করা হবে।'

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে
এর আগে, মুখ্যমন্ত্রী জেলা কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন যে পারস্পারিক ভ্রাতৃত্বের মনোভাবকে শক্তিশালী করার মাধ্যমে যুগ যুগ ধরে প্রচলিত সামাজিক সম্প্রীতি বজায় রাখা উচিত। রাজ্য সরকার নূহ জেলায় ভারত রিজার্ভ ব্যাটেলিয়নের একটি ইউনিট স্থাপনের পরিকল্পনা করছে। গুরুগ্রামে অবস্থিত আইআরবি ব্যাটালিয়ন নূহে স্থানান্তরিত করা হবে এবং গুরুগ্রামে একটি নতুন মহিলা আইআরবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications